বরাহনগরের তরুণী খুনে দিল্লিতে ধৃত যুবক, শুক্রবারই আনা হতে পারে কলকাতায়

বরাহনগরের ফ্ল্যাটে তরুণী অঞ্জলি সাউয়ের রহস্যমৃত্যুর ঘটনায় ধর্মবীর নামে এক যুবককে দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১০ নভেম্বর খুনের ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ট্রানজিট রিমান্ডে তাকে দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসা হতে পারে। ধৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই খুনের প্রকৃত কারণ ও ঘটনার নেপথ্যে থাকা রহস্য উন্মোচনের চেষ্টা করছেন তদন্তকারীরা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ২৬ বছর বয়সী অঞ্জলির ফ্ল্যাটে অভিযুক্তের নিয়মিত আনাগোনা ছিল। অঞ্জলির পরিবারের দাবি, পাবজি খেলার সূত্রেই ধর্মবীরের সঙ্গে পরিচয় হয় তরুণীর। পাবজি খেলাকে কেন্দ্র করেই তাদের মধ্যে বিবাদ হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও, তরুণীর মূল্যবান সামগ্রী ও মোবাইল নিখোঁজ থাকায় খুনের বিষয়টি স্পষ্ট হয়। তদন্তকারীদের বিভ্রান্ত করতে অভিযুক্ত বারবার নিজের অবস্থান পরিবর্তন করছিল এবং মোবাইল ফোন অন-অফ করছিল।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে বরাহনগরের ওই ফ্ল্যাটের দরজা ভেঙে অঞ্জলির দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার গলায় ও মুখে আঘাতের চিহ্ন ছিল। পরিবারের অভিযোগ, ঘটনার পর অঞ্জলির মোবাইল থেকে রহস্যজনক মেসেজও এসেছিল। ব্যারাকপুরের ডেপুটি পুলিশ কমিশনার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞাসাবাদের পরেই ঘটনার বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে। অভিযুক্তের সঙ্গে তরুণীর ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।