নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত, কারণ নিয়ে ধোঁয়াশা

নরওয়ের সাংবাদিক হেলে লিং স্বেনসেনের ভারতের ভিসা কোনো কারণ দর্শানো ছাড়াই বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সমাজমাধ্যমে এক ভিডিওবার্তায় লিং জানিয়েছেন, তার কাছে বৈধ ভিসা ও রাজনৈতিক ছাড়পত্র থাকা সত্ত্বেও অসলোর ভারতীয় দূতাবাস থেকে তাকে ভারতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বিমানবন্দর রওনা হওয়ার মাত্র ১০ মিনিট আগে তাকে এই ফোন করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।
চলতি বছরের মে মাসে নরওয়ে সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেছিলেন এই সাংবাদিক। সেই সময় তিনি জানতে চেয়েছিলেন, বিশ্বের স্বাধীন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর কেন প্রধানমন্ত্রী দিচ্ছেন না। সেই ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার ভিসা বাতিলের নেপথ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা রয়েছে বলেও তিনি দাবি করেছেন।
হায়দরাবাদে তেলঙ্গানা সরকার আয়োজিত একটি সম্মেলনে গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বক্তৃতা দেওয়ার কথা ছিল লিংয়ের। কিন্তু শেষ মুহূর্তে ভিসা বাতিল হওয়ায় তিনি সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। ভিসা বাতিলের বিষয়ে অসলোর ভারতীয় দূতাবাস থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বলে জানিয়েছেন ওই সাংবাদিক।