ফলতায় জাহাঙ্গিরের বেআইনি বহুতল ভাঙার কাজ দ্বিতীয় দিনে, বসানো হলো সিসি ক্যামেরা

ফলতার শ্রীরামপুর এলাকায় জাহাঙ্গিরের বেআইনি বহুতল ভাঙার কাজ দ্বিতীয় দিনে গড়াল। বৃহস্পতিবার সকাল থেকেই হাতুড়ি, ড্রিল যন্ত্র ও ভাইব্রেটর নিয়ে শ্রমিকেরা ভাঙার কাজে নেমেছেন। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ফলতার বিডিও সন্দীপ সিংহ রায়, পুলিশ আধিকারিক, অসামরিক প্রতিরক্ষা এবং বিদ্যুৎ পর্ষদের কর্মীরা। প্রশাসনের কড়া নজরদারিতে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। ভাঙার কাজের প্রতিটি মুহূর্তের ওপর নজর রাখতে বাড়ির বাইরে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
অভিযোগ ছিল, জেলা পরিষদের অনুমোদন ছাড়াই নিয়ম ভেঙে এই বহুতল নির্মাণ করা হয়েছিল। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ার পর তদন্ত শুরু হয় এবং মামলাটি আদালতে গড়ায়। আদালতের নির্দেশের পর প্রশাসন জাহাঙ্গিরকে একাধিকবার নোটিস পাঠালেও তিনি হাজিরা দেননি। সাত দিনের মধ্যে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ কার্যকর না হওয়ায় শেষ পর্যন্ত প্রশাসন নিজেই ভাঙার কাজে নামে। বুধবার ভাইফোঁটার দিন থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা ভোটে ফলতা থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন জাহাঙ্গির। ভোটের দিন বেনিয়মের অভিযোগ ওঠার পর তিনি লড়াই থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে তোলাবাজি ও ভয় দেখানোর মতো একাধিক অভিযোগে নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গির ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁরা দুজনেই জেলবন্দি রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বেআইনি নির্মাণটি সম্পূর্ণ ভেঙে ফেলার প্রক্রিয়া চলছে।