কুলগামে জঙ্গি হামলার দিনই কিশ্তওয়ারে নিখোঁজ দুই পুলিশ আধিকারিক

কুলগামে জঙ্গি হামলার দিনই কিশ্তওয়ারে নিখোঁজ দুই পুলিশ আধিকারিক

জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলার দিনই কিশ্তওয়ার জেলায় নিখোঁজ হয়ে গেলেন দুই বিশেষ পুলিশ অফিসার (এসপিও)। বুধবার বিকেলে কিশ্তওয়ারের দেহরনা জঙ্গলে গুলির শব্দ শোনা যায়। ওই সময় দুই আধিকারিক জঙ্গল পথ দিয়ে যাচ্ছিলেন। এরপর থেকেই তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। জানা গিয়েছে, তাঁরা ইন্দরওয়ালের বসনন এলাকায় ১৭ রাষ্ট্রীয় রাইফেল্‌সের অস্থায়ী ঘাঁটিতে ফিরছিলেন। এলাকাটি মারওয়া থানার অন্তর্গত।

নিখোঁজ আধিকারিকদের সন্ধানে বুধবার সন্ধ্যা থেকেই বিশেষ দল তল্লাশি অভিযান শুরু করেছে। তবে রাত পর্যন্ত তাঁদের কোনো হদিস মেলেনি। ওই এলাকায় মোবাইল নেটওয়ার্কের সমস্যা থাকায় যোগাযোগ ব্যাহত হয়েছে। জঙ্গলে কারা গুলি চালিয়েছিল এবং এই ঘটনার সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আধিকারিকরা আত্মরক্ষার্থে অস্ত্র ব্যবহার করেছিলেন কি না, তাও স্পষ্ট নয়।

অন্যদিকে, বুধবার কুলগামে সিআরপিএফের নাকা চৌকিতে হামলা চালায় দুই সশস্ত্র জঙ্গি। প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরবাইকে চেপে এসে জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে তারা পালিয়ে যায়। এই ঘটনায় তিন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। হামলার পর থেকে কুলগাম ও কিশ্তওয়ার উভয় এলাকাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *