ভারতীয় ভিসা ব্যবস্থায় বড় বদল: ‘ট্যুরিস্ট’ থেকে ‘ভিজ়িটর’ ভিসা, কমল বিভাগের সংখ্যা

ভারতীয় ভিসা ব্যবস্থায় বড় বদল: ‘ট্যুরিস্ট’ থেকে ‘ভিজ়িটর’ ভিসা, কমল বিভাগের সংখ্যা

বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতীয় ভিসার মূল বিভাগের সংখ্যা ১৩ থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। একইসঙ্গে উপ-বিভাগের সংখ্যা ৪৯ থেকে কমিয়ে ২৩টিতে নামিয়ে আনা হয়েছে। পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা, বিনিয়োগ ও ব্যবসার মতো বিষয়গুলিকে সুসংহত করতেই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়েছে।

নতুন নিয়মে আগের ‘ট্যুরিস্ট ভিসা’র নাম পরিবর্তন করে ‘ভিজ়িটর ভিসা’ করা হয়েছে। এই নতুন ভিসা ব্যবস্থাকে ভি-১ এবং ভি-২—এই দুই উপ-শ্রেণিতে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুবিধা থাকবে। এর আওতায় পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদী ব্যবসায়িক বৈঠক, চিকিৎসা-পরামর্শ, ওয়েলনেস রিট্রিট এবং যোগব্যায়াম বা সঙ্গীত সংক্রান্ত কোর্স করা যাবে। অন্যদিকে, ভি-২ ভিসা হবে দীর্ঘমেয়াদী সফরের জন্য, যার মেয়াদ ১, ৫ বা ১০ বছর পর্যন্ত হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, উন্নত দেশগুলোর ভিসা ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিসার আবেদনপত্রে থাকা তথ্যের ঘরের সংখ্যাও ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। মন্ত্রকের নিজস্ব তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তনের পর চলতি বছরের শেষেই এই সংশোধিত কাঠামো কার্যকর করা হতে পারে। এর আগে ২০২৫ সালের অক্টোবরেও ভিসা প্রক্রিয়া সহজ করতে বিভাগ ও উপ-বিভাগের সংখ্যা কমিয়েছিল কেন্দ্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *