৫ মিনিটে ফাঁস আসল দেশদ্রোহী কে, মোদীকে রাহুল গান্ধীর চরম চ্যালেঞ্জ! – বর্তমান বাংলা

৫ মিনিটে ফাঁস আসল দেশদ্রোহী কে, মোদীকে রাহুল গান্ধীর চরম চ্যালেঞ্জ! – বর্তমান বাংলা

‘দিমাগি নকশাল’ মন্তব্যে সরগরম জাতীয় রাজনীতি: প্রধানমন্ত্রীকে বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর

নিজস্ব প্রতিবেদন: বস্তারে জওয়ানদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর করা এক মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন করে সংঘাত তৈরি হয়েছে। নকশাল মতাদর্শ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর করা সাম্প্রতিক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

গত রবিবার বস্তারে জওয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, “অস্ত্র হাতে নেওয়া মাওবাদীদের সামরিক বাহিনী নিকেশ করলেও, নকশালী মনোভাব পোষণ করেন এমন বহু ব্যক্তি এখন বিভিন্ন বিরোধী দল ও প্রতিষ্ঠানে ঢুকে পড়েছেন। তাঁরা ক্রমাগত ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা ও সংবিধানকে অপমান করছেন।” উল্লেখ্য, গত স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী প্রথমবার ‘দিমাগি নকশাল’ শব্দবন্ধটি ব্যবহার করেছিলেন।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিজের ‘এক্স’ হ্যান্ডেলে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় উপস্থিত জওয়ানদের অভিব্যক্তিতেই স্পষ্ট যে তাঁরা মোদীর কথায় আস্থা রাখেননি। প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাহুল লেখেন, “তিনি যদি আমার সঙ্গে বিতর্কে বসেন, তবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এমন সব তথ্য সামনে আনব, যার পর প্রধানমন্ত্রী আর কোনো জওয়ানের মুখোমুখি হওয়ার সাহস পাবেন না। এর মাধ্যমেই পরিষ্কার হয়ে যাবে প্রকৃত দেশপ্রেমিক কে এবং কে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।”

এদিকে, কংগ্রেসের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করা হয়েছে। দলের সরকারি এক্স হ্যান্ডেলে অভিযোগ করা হয়, ক্ষমতা হারানোর ভয়ে হতাশ হয়েই প্রধানমন্ত্রী বিরোধীদের ওপর ‘দিমাগি নকশাল’-এর মতো তকমা দিচ্ছেন। কংগ্রেসের দাবি, প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে এবং গণতান্ত্রিক প্রতিবাদ স্তব্ধ করতেই বিজেপি নেতৃত্ব এই কৌশল নিয়েছে। দলের পক্ষ থেকে ব্যঙ্গাত্মক সুরে আরও বলা হয়, “প্রধানমন্ত্রীর ঝোলা নিয়ে অন্তরালে চলে যাওয়ার দিন দ্রুত এগিয়ে আসছে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীপাবলির প্রাক্কালে প্রধানমন্ত্রীর এই মন্তব্য এবং তার প্রেক্ষিতে রাহুল গান্ধীর পাল্টা চ্যালেঞ্জ দেশের রাজনৈতিক আবহে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *