কলকাতায় বাজির তাণ্ডব! ৬০০ পার দূষণের মাত্রা – বর্তমান বাংলা

কলকাতায় ভয়াবহ বায়ুদূষণ: বিপজ্জনক পর্যায়ে বাতাসের গুণমান, উদ্বেগে বিশেষজ্ঞ মহল
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: দীপাবলি ও উৎসবের মরসুমে কলকাতার বায়ুদূষণ মারাত্মক ও উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, গভীর রাতে শহরের গড় বায়ু মান সূচক (একিউআই) ৪৩৭ রেকর্ড করা হয়েছে, যা পরিবেশ বিজ্ঞানের পরিভাষায় ‘বিপজ্জনক’ শ্রেণিভুক্ত। বাতাসে পিএম ২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ২৯৩ মাইক্রোগ্রাম এবং পিএম ১০-এর মাত্রা ৩৫৪ মাইক্রোগ্রাম পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, উত্তর কলকাতার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। কাঁকুড়গাছিতে একিউআই রেকর্ড করা হয়েছে ৬১০, যা বিপজ্জনক সীমার শীর্ষে। এছাড়াও মানিকতলা (৫৩৮), বেনিয়াপুকুর (৫২৮), লেবুতলা (৪৯১), কাশীপুর (৪৯০) এবং তালতলায় (৪৬৯) বাতাসের গুণমান অত্যন্ত শোচনীয়। সল্টলেক এলাকাতেও দূষণের দাপট ছিল প্রবল; ইই ব্লকে একিউআই ৬৬২ এবং ডিজে ব্লকে ৫৫৭ রেকর্ড করা হয়েছে।
পাশাপাশি, দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়া (৪৭৮), বালিগঞ্জ (৪৭৪), ভবানীপুর (৪৩২) এবং মধ্য কলকাতার ফোর্ট উইলিয়াম (৪৮৪) চত্বরেও দূষণের মাত্রা ছিল বেশ চড়া। পার্শ্ববর্তী জেলাগুলোর মধ্যে হাওড়ার ঘুসুড়ি (৫০০) এবং উত্তর ২৪ পরগনার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বরেও (৪৭৪) বায়ুদূষণের একই চিত্র ধরা পড়েছে। তবে আশার কথা এই যে, দেশের ১০টি সবচেয়ে দূষিত শহরের তালিকায় কলকাতার নাম নেই।
এই ভয়াবহ দূষণ মোকাবিলায় দীর্ঘমেয়াদী কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন বিশিষ্ট পরিবেশবিদ ও গ্রিন টেকনোলজিস্ট সোমেন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, “শহরে চলাচলকারী ১৫ বছরের পুরনো পেট্রোল ও ডিজেলচালিত যানবাহন বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস। এগুলোর ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।”
এছাড়াও রাস্তার ধারে কয়লার উনুন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিবেশবান্ধব ওভেনে স্থানান্তরিত হওয়ার জন্য সরকারি ভর্তুকি প্রদানের পরামর্শ দিয়েছেন তিনি। বাতাসে ভাসমান ধূলিকণা কমাতে শহরজুড়ে অন্তত ১০০টি ওয়াটার ক্যানন বা জল ছিটানোর গাড়ি ব্যবহারের ওপরও তিনি গুরুত্ব আরোপ করেছেন।