বায়ুদূষণে ২০ লাখ মানুষের মৃত্যু! কেন্দ্রকে তুলোধোনা কংগ্রেসের – বর্তমান বাংলা

ভারতে বায়ুদূষণে বছরে ২০ লক্ষ মৃত্যু, কেন্দ্রকে তোপ কংগ্রেসের
নিজস্ব প্রতিবেদন: ২০২৩ সালে ভারতে বায়ুদূষণজনিত স্বাস্থ্যঝুঁকির কারণে প্রায় ২০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, যা ওই বছরে দেশে মোট মৃত্যুর প্রায় ২২ শতাংশ। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এই উদ্বেগজনক তথ্য উঠে আসার পর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতারা।
ফিকি (FICCI)-ইওয়াই-এর ওই রিপোর্টের প্রেক্ষিতে প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে দাবি করেন, মোদী সরকার দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের ফলে প্রাণহানির বাস্তবতাকে অস্বীকার করে আসছে। তিনি বলেন, “সংসদ ও সংসদের বাইরে বিজ্ঞানসম্মত গবেষণাগুলোকে সরকার এই বলে খারিজ করেছে যে, সেগুলো ভারতীয় পরিস্থিতির সঠিক প্রতিফলন নয়।” রমেশের অভিযোগ, সরকার অস্বচ্ছ তথ্যের অজুহাতে দায় এড়াতে চাইছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে নাগরিকের স্বাস্থ্যসুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়ে রমেশ আরও লেখেন, “ব্যবসার সুবিধার (Ease of Doing Business) চেয়ে স্বস্তিতে নিঃশ্বাস নেওয়ার সুবিধা (Ease of Breathing) অনেক বেশি মৌলিক ও মানবিক অধিকার। পিএম২.৫ এখন ভারতের একাংশের নীরব ঘাতক।” এই পরিস্থিতি মোকাবিলায় তিনি তিনটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন:
১. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশিকা অনুযায়ী পিএম২.৫ এবং ওজোনের মানদণ্ড কঠোর করা।
২. ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম (NCAP)-কে নতুন করে ঢেলে সাজানো।
৩. ১৯৮১ সালের পুরনো আইনের পরিবর্তে জনস্বাস্থ্যকেন্দ্রিক নতুন ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ কার্যকর করা।
এদিকে, দিল্লির ক্রমবর্ধমান দূষণ নিয়ে সরব হয়েছে কংগ্রেসের অন্য নেতৃত্বও। বর্তমানে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৪০০-এর গণ্ডি স্পর্শ করেছে। এই প্রেক্ষিতে কংগ্রেস মুখপাত্র পবন খেরা কটাক্ষ করে বলেন, দিল্লিতে বর্তমানে কেন্দ্র ও রাজ্য—উভয় ক্ষেত্রেই বিজেপির শাসন থাকায় দায় এড়ানোর সুযোগ নেই। তিনি প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ কেন কঠোরভাবে কার্যকর করা হচ্ছে না?
অপরদিকে, উৎসবের মরসুমে মাত্রাতিরিক্ত আতশবাজি ফাটানোর অনুমতি দেওয়ার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা রশিদ আলভী। ভোটের রাজনীতির জন্য মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ তুলে তিনি বলেন, বাজি ফাটানোর কারণে বাতাস এখন বিপজ্জনক বিষাক্ত গ্যাসে পরিণত হয়েছে। দূষণ মোকাবিলায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।