আসল দেশবিরোধী কে? মোদীকে মেগা চ্যালেঞ্জ রাহুলের! – বর্তমান বাংলা

আসল দেশবিরোধী কে? মোদীকে মেগা চ্যালেঞ্জ রাহুলের! – বর্তমান বাংলা

প্রধানমন্ত্রীকে মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে রাহুল প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

রবিবার ছত্তিশগড়ের বস্তারে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি পালনকালে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ‘নকশালী মনোভাব’ পোষণকারী কিছু ব্যক্তি বিভিন্ন বিরোধী দল ও সংগঠনে ঢুকে পড়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও সংবিধানকে অপমান করছেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের জবাবে রাহুল গান্ধী দাবি করেন, জওয়ানদের প্রতিক্রিয়াই বলে দিচ্ছে তাঁরা প্রধানমন্ত্রীর এসব কথায় বিশ্বাস রাখেননি।

রাহুল গান্ধী চ্যালেঞ্জ জানিয়ে লেখেন, প্রধানমন্ত্রী মাত্র পাঁচ মিনিট সময় দিলেই তিনি প্রমাণ করে দেবেন কে প্রকৃত দেশবিরোধী এবং কারা বিদেশি শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। রাহুল আরও দাবি করেন, এই পাঁচ মিনিটের বিতর্কেই তিনি স্পষ্ট করে দেবেন প্রধানমন্ত্রী কীভাবে দেশের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন। রাহুলের হুঙ্কার, এই তথ্য প্রকাশের পর প্রধানমন্ত্রী আর কোনো সিআরপিএফ জওয়ানের মুখোমুখি হওয়ার সাহস পাবেন না।

অন্যদিকে, কংগ্রেসের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করা হয়েছে। দলের আনুষ্ঠানিক এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে বলা হয়, প্রধানমন্ত্রী চরম হতাশা ও বিরক্তিতে এই ধরনের অবান্তর মন্তব্য করছেন। মোদীর ‘ঝোলা নিয়ে চলে যাওয়ার’ সময় ঘনিয়ে এসেছে বলেও কংগ্রেস কটাক্ষ করেছে।

প্রসঙ্গত, চলতি বছরের স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণ থেকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ‘দিমাগি নকশাল’ শব্দবন্ধটি ব্যবহার করেছিলেন। বিরোধী শিবিরের অভিযোগ, নিজেদের শাসনব্যবস্থার ব্যর্থতা ঢাকতে এবং গণতান্ত্রিক প্রতিবাদকে অবৈধ তকমা দিতেই প্রধানমন্ত্রী এই কৌশলের আশ্রয় নিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *