অশোভন দৃষ্টি কি সত্যিই অপরাধ? আইনি সীমানা স্পষ্ট করল হাইকোর্ট! – বর্তমান বাংলা

অশোভন দৃষ্টি কি সত্যিই অপরাধ? আইনি সীমানা স্পষ্ট করল হাইকোর্ট! – বর্তমান বাংলা

যৌন হেনস্থার মামলা খারিজ করল কর্নাটক হাইকোর্ট, নজিরবিহীন নির্দেশ বিচারপতির

বেঙ্গালুরু: ‘হাফিস কাসিম বনাম কর্নাটক সরকার’ মামলায় অভিযুক্ত হাফিস কাসিমের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা খারিজ করে দিলেন কর্নাটক হাইকোর্ট। বিচারপতি সূরজ গোবিন্দরাজ এই মামলাটিকে ‘ভিত্তিহীন’ বলে গণ্য করেছেন।

উল্লেখ্য, এক মহিলার অভিযোগের ভিত্তিতে হাফিস কাসিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ধারা ৭৫(১)(ii) (যৌন সুবিধা দাবি), ৭৫(১)(iv) (যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য), ৩৫১(২) (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ৩৫২ (শান্তিভঙ্গের উদ্দেশ্যে অপমান)-এ মামলা রুজু করা হয়েছিল। অভিযোগকারিণীর দাবি ছিল, একটি আর্থিক বিবাদ মেটাতে কাসিমের বাড়িতে গেলে তিনি ওই মহিলার কাছে যৌন সুবিধা দাবি করেন এবং অর্থ দেওয়ার প্রস্তাবের পাশাপাশি শারীরিক ক্ষতির হুমকি দেন।

মামলার শুনানিতে উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি সূরজ গোবিন্দরাজ জানান, প্রাথমিক অভিযোগে উল্লেখিত তথ্যের ভিত্তিতে অপরাধের নির্দিষ্ট উপাদান স্পষ্ট নয়। আদালত স্পষ্টভাবে পর্যবেক্ষণ করে যে, কেবল আপত্তিকর দৃষ্টি বা অসৌজন্যমূলক আচরণের অভিযোগের ভিত্তিতে যৌন হেনস্থার মতো কঠোর ধারায় আইনি প্রক্রিয়া চলতে পারে না। এছাড়া, অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের সপক্ষে পুলিশ আদালতে কোনো মজবুত ও গ্রহণযোগ্য প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে।

এই প্রেক্ষিতে আদালত হাফিস কাসিমের বিরুদ্ধে নিম্ন আদালতে চলা সমস্ত আইনি প্রক্রিয়া খারিজের নির্দেশ দিয়েছে। আইনি বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ন্যায় সংহিতার অধীনে যৌন হেনস্থার মামলার ক্ষেত্রে কর্নাটক হাইকোর্টের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *