পুলিশকে হুমকি! সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ হিন্দু মহাসভার – বর্তমান বাংলা

পুলিশকে হুমকি! সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ হিন্দু মহাসভার – বর্তমান বাংলা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

কলকাতা: ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করল অখিল ভারত হিন্দু মহাসভা।

সম্প্রতি ডায়মন্ড হারবারের সরিষায় একটি পার্টি অফিস থেকে কোটি টাকা উদ্ধারের ঘটনা ঘটে। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ওই টাকা ‘প্লান্টেড’ বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাখা হয়েছিল। তিনি দাবি করেন, ডায়মন্ড হারবার থানার আইসির গাড়িতে করে ওই টাকা নিয়ে গিয়ে পার্টি অফিসে রাখা হয়েছে। অভিষেকের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে অখিল ভারত হিন্দু মহাসভা।

হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ড. চন্দ্রচূড় গোস্বামী অভিযোগ করেছেন, সাংসদের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং মনগড়া। তাঁর মতে, রাজ্যের আইন প্রয়োগকারী সংস্থা ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এবং উসকানি দিতেই এই ধরনের তথ্য ছড়ানো হচ্ছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার রাজ্যের মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারীর নির্বাচনী বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন, যা দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অবমাননাকর। সংগঠনের দাবি, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের ফলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট হতে পারে। এ বিষয়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তার জন্য সাংসদই দায়ী থাকবেন বলে অভিযোগপত্রে জানানো হয়েছে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক পোস্টের লিঙ্ক জমা দিয়ে অখিল ভারত হিন্দু মহাসভা লালবাজার সাইবার ক্রাইম থানার পুলিশের কাছে বিষয়টি নিয়ে অবিলম্বে নিরপেক্ষ ও কঠোর তদন্তের আর্জি জানিয়েছে। প্রসঙ্গত, এর আগেও সাংসদের বিরুদ্ধে হিন্দু মহাসভা অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *