সব বিতর্ক তুচ্ছ করে ইন্দোরেই দিলজিতের কনসার্ট, ভক্তদের জন্য বড় সুখবর! – বর্তমান বাংলা

সব বিতর্ক তুচ্ছ করে ইন্দোরেই দিলজিতের কনসার্ট, ভক্তদের জন্য বড় সুখবর! – বর্তমান বাংলা

ইন্দোরে দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট ঘিরে বোমা আতঙ্ক ও আইনি বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদন, ইন্দোর: জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জের আসন্ন কনসার্টকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের ইন্দোরে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। কনসার্ট বাতিলের হুমকির পাশাপাশি গান নির্বাচন নিয়েও জারি হয়েছে নিষেধাজ্ঞা।

সম্প্রতি ইন্দোরের তিনটি বেসরকারি স্কুল এবং মেয়র পুষ্যমিত্র ভার্গবের দপ্তরে ইমেলের মাধ্যমে কনসার্টে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। একই সঙ্গে ওই ইমেলে পড়ুয়াদের কনসার্টে অংশ না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। হুমকির পরপরই প্রশাসনের তৎপরতায় বম্ব স্কোয়াড প্রতিটি স্থানে তল্লাশি চালায়। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। ইন্দোর পুলিশের প্রাথমিক অনুমান, ইমেলগুলি ভুয়া। ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে ক্রাইম ব্রাঞ্চ।

বোমা আতঙ্কের পাশাপাশি আইনি জটিলতায় পড়েছে কনসার্টের গান নির্বাচন। চণ্ডীগড়ের এক অধ্যাপকের অভিযোগের ভিত্তিতে, গত ৬ নভেম্বর ইন্দোরের জেলা শিশু সুরক্ষা আধিকারিক স্থানীয় মল কর্তৃপক্ষকে একটি নির্দেশিকা পাঠিয়েছেন। ২০১৯ সালের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশিকা উল্লেখ করে গায়ককে ‘পাতিয়ালা পেগ’, ‘৫ তারা’, ‘জীব বিচো লব্বিয়া’ এবং ‘জাট উঠে ফায়ার করদা’—এই চারটি গান পরিবেশন না করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ, এই গানগুলো মদ্যপান, মাদক এবং অস্ত্র ব্যবহারের প্ররোচনা দেয়।

উল্লেখ্য, এর আগে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান নিয়েও নিরাপত্তা সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছিল। পরবর্তীতে কঠোর নিরাপত্তার শর্তে সেখানে কনসার্টের অনুমতি পাওয়া যায়। এছাড়া বিহারে অনুমতি সংক্রান্ত জটিলতায় অনুষ্ঠান করতে না পারার অভিযোগ তুলেছিলেন শিল্পী।

সমস্ত বিতর্ক ও প্রতিকূলতা উপেক্ষা করেই ইন্দোরের মঞ্চ মাতাতে সম্পূর্ণ প্রস্তুত দিলজিৎ। কনসার্টের ফাঁকে স্থানীয় ‘ইন্দোরি পোহা’ উপভোগ করারও পরিকল্পনা রয়েছে তাঁর। ইন্দোরের পর ২১ নভেম্বর আমদাবাদ, ২৭ নভেম্বর মুম্বই, ২৯ নভেম্বর বেঙ্গালুরু, ৫ ডিসেম্বর লখনউ, ১২ ডিসেম্বর চণ্ডীগড় এবং ১৯ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর কনসার্ট হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *