জগদ্দলের মণ্ডপে ১৯১১-এর মোহনবাগান জয়, শিহরণ জাগাবেই! – বর্তমান বাংলা

জগদ্দলের মণ্ডপে ১৯১১-এর মোহনবাগান জয়, শিহরণ জাগাবেই! – বর্তমান বাংলা

১৯১১-এর ঐতিহাসিক মুহূর্ত মণ্ডপসজ্জায়, জগদ্দলে মোহনবাগান থিমে মাতলেন ফুটবলপ্রেমীরা

নিজস্ব প্রতিবেদক, জগদ্দল: বাঙালির আবেগ আর মোহনবাগানের জয়গান—এই দুই মিলেমিশে একাকার জগদ্দলের গোটবেড়িয়া মিলন সংঘের ২৮ তম বর্ষের কালীপুজোয়। এবারের পুজোয় ক্লাবের মূল থিম ‘মোহনবাগান: দ্য গ্লোরি লাইফ অন’। মণ্ডপে পা রাখলেই চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে ১৯১১ সালের সেই মাহেন্দ্রক্ষণ, যখন প্রথম ভারতীয় ক্লাব হিসেবে মোহনবাগান ব্রিটিশদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করে ইতিহাস গড়েছিল।

১৯১১ সালের সেই ঐতিহাসিক জয়ের পর থেকে মোহনবাগানের ধারাবাহিক সাফল্যের দীর্ঘ পথপরিক্রমা অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জার মাধ্যমে। পুজো উদ্যোক্তাদের মতে, এটি কেবল একটি ক্লাবের জয় নয়, বরং ভারতীয় ফুটবল ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। মোহনবাগানকে কেন ‘ভারতের জাতীয় ক্লাব’ বলা হয়, সেই পরিচয়ই যেন মণ্ডপের প্রতিটি ছত্রে ফুটিয়ে তোলা হয়েছে।

পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত, ট্রেজারার সন্দীপন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার প্রশান্ত চট্টোপাধ্যায়, প্রতাপ ঘোষ, অভিলাষ পাল ও প্রভাত ঘোষের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ। মণ্ডপ ঘুরে দেখে উচ্ছ্বসিত মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত বলেন, “মোহনবাগান কেবল একটি ক্লাব নয়, এটি একটি আন্দোলন ও আবেগের নাম। স্বাধীনতা আন্দোলনে খেলার যে বড় ভূমিকা ছিল, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে এই মণ্ডপসজ্জা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

ঐতিহাসিক সেই মুহূর্তকে নতুন রূপে দেখার সুযোগ পেয়ে স্থানীয় দর্শনার্থীদের মধ্যেও প্রবল উৎসাহ দেখা দিয়েছে। পুজোর দিনগুলিতে মণ্ডপ দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন অসংখ্য ফুটবলপ্রেমী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *