শিলিগুড়িতে ৬ কোটির মাদক উদ্ধার! পুলিশের জালে ১৪ পাচারকারী – বর্তমান বাংলা

শিলিগুড়িতে ৬ কোটির মাদক উদ্ধার! পুলিশের জালে ১৪ পাচারকারী – বর্তমান বাংলা

শিলিগুড়িতে মাদক বিরোধী অভিযানে উদ্ধার ৬ কোটির বেশি টাকার মাদক, ধৃত ১৪

শিলিগুড়ি: শহরকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গত এক সপ্তাহে ধারাবাহিক অভিযান চালিয়ে ৬ কোটি টাকারও বেশি মূল্যের মাদক সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অভিযোগে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার সৈয়দ ওয়াকার রাজা এই সাফল্যের কথা জানান। তিনি জানান, গত এক সপ্তাহে পুলিশের বিশেষ অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০টি পৃথক মামলা রুজু করা হয়েছে। বাজেয়াপ্ত মাদক সামগ্রীর মধ্যে রয়েছে ৩ কেজির বেশি ব্রাউন সুগার, ৭২ হাজার নিষিদ্ধ ক্যাপসুল এবং ৪ হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাপ।

পুলিশ সূত্রে জানা গেছে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং গোয়েন্দা বিভাগ যৌথভাবে এই মাদকবিরোধী অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার রাতে ভক্তিনগর থানা ও এসওজি-র যৌথ দল শহরের পিসি মিত্তল বাস টার্মিনাস এলাকা থেকে তিনজনকে আটক করে। তাদের কাছ থেকে ২ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। এর আগে মঙ্গলবার রাতে রামঘাট সেতুর নিচে অভিযান চালিয়ে ২৮৬ গ্রাম ব্রাউন সুগার-সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

মাদক চোরাচালানের পাশাপাশি দীপাবলি ও কালীপুজোর প্রাক্কালে শহরজুড়ে জুয়ার কারবার বন্ধ করতেও নজরদারি বাড়িয়েছে প্রশাসন। পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা স্পষ্টভাবে জানিয়েছেন, মাদকের কারবার ও জুয়ার বিরুদ্ধে এই ধারাবাহিক অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *