নিয়োগপত্র পেয়েও চাকরি বাতিল! বর্ধমান মেডিক্যাল কলেজের মেগা দুর্নীতিতে তোলপাড় রাজ্য। – বর্তমান বাংলা

নিয়োগপত্র পেয়েও চাকরি বাতিল! বর্ধমান মেডিক্যাল কলেজের মেগা দুর্নীতিতে তোলপাড় রাজ্য। – বর্তমান বাংলা

বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়োগ প্রক্রিয়া বাতিল, রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ চাকরিপ্রার্থীদের

নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য প্রকাশিত চূড়ান্ত প্যানেল ও নিয়োগপত্র বিলি করার পরেও তা আচমকা বাতিল করায় চরম বিতর্ক তৈরি হয়েছে। চাকরিপ্রার্থীদের অভিযোগ, প্রশাসনিক বা প্রযুক্তিগত কারণ নয়, বরং শাসকদলের নেতা-মন্ত্রীদের রাজনৈতিক চাপে এবং পছন্দের প্রার্থীদের ব্যাকডোরে নিয়োগের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, বর্ধমান মেডিক্যাল কলেজে সায়েন্টিস্ট-বি (মেডিক্যাল ও নন-মেডিক্যাল), ল্যাব টেকনিশিয়ান, ডেটা এন্ট্রি অপারেটর এবং মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি (মেমো নম্বর: BMC/2675) প্রকাশ করা হয়েছিল। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ইন্টারভিউ ও লিখিত পরীক্ষা শেষে একটি মেধাতালিকাও প্রকাশ করা হয়। এরপর BMC/3104, BMC/3109, BMC/3110 ও BMC/1011 মেমো নম্বরের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্রও প্রদান করা হয়। কিন্তু গত ৫ নভেম্বর এক নির্দেশিকায় হঠাৎ পুরো প্যানেলটি বাতিল ঘোষণা করে কর্তৃপক্ষ।

নিয়োগপত্র হাতে পাওয়ার পরেও এমন সিদ্ধান্তে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, নিয়োগ প্রক্রিয়ার কোনো স্তরেই নিয়মভঙ্গের অভিযোগ ছিল না। শাসকদলের নেতাদের চাপেই অধ্যক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ তাঁদের। ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগীরা মুখ্যমন্ত্রী, জেলাশাসক এবং মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়ে নিরপেক্ষ তদন্ত বা সিবিআই তদন্তের দাবি তুলেছেন।

এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীরা শাসকদলকে নিশানা করলেও বিজেপি জেলা সভাপতি আশিস কুমার পাল জানিয়েছেন, এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। পুরো দায় অধ্যক্ষের ওপরই বর্তায়।

অন্যদিকে, বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সব্যসাচী দাস দাবি করেছেন, নিয়োগ প্রক্রিয়ায় কিছু ‘টেকনিক্যাল ত্রুটি’ থাকায় কমিটির সিদ্ধান্তেই প্যানেলটি বাতিল করা হয়েছে। খুব দ্রুত নতুন করে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে তিনি আশ্বাস দিলেও, চাকরিপ্রার্থীরা এই যুক্তিতে সন্তুষ্ট নন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *