২৫ বিধায়কের হুঙ্কার, কাশ্মীর কি ফের অস্থিরতার পথে? – বর্তমান বাংলা

২৫ বিধায়কের হুঙ্কার, কাশ্মীর কি ফের অস্থিরতার পথে? – বর্তমান বাংলা

নিজেদের বিধায়কদের বিদ্রোহে সংকটে ওমর সরকারের স্থায়িত্ব, ড্যামেজ কন্ট্রোলে ফারুক আবদুল্লা

নিজস্ব প্রতিবেদন, শ্রীনগর: জম্মু-কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের অন্দরে দানা বাঁধা প্রবল বিদ্রোহে চরম সংকটের মুখে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সরকার। দলের ২৫ জন বিধায়ক প্রকাশ্যে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ইস্তফার হুঁশিয়ারি দেওয়ায় পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয়েছে দলের সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে।

সূত্রের খবর, বিক্ষুব্ধ বিধায়করা মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ওপর চাপ সৃষ্টি করে উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নাসির আসলাম ওয়ানিকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি তুলেছেন। পাশাপাশি, দীর্ঘ সময় ধরে মন্ত্রিত্বে থাকা নেতাদের সরিয়ে নতুন মুখ আনা এবং দুর্নীতিতে অভিযুক্ত নেতা ও প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরুর দাবিও জানানো হয়েছে।

এই পরিস্থিতি সামাল দিতে শুক্রবার শ্রীনগরে নিজের বাসভবনে বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে এক দীর্ঘ বৈঠক করেন ফারুক আবদুল্লা। বৈঠকে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রীও। বৈঠক শেষে দলীয় প্রধান ফারুক আবদুল্লা দাবি করেন, “ন্যাশনাল কনফারেন্স ভাঙবে না। বিধায়কদের অভিযোগ শুনেছি এবং দ্রুতই তার সমাধান করা হবে।”

তবে নেতৃত্বের আশ্বাসেও পুরোপুরি আশ্বস্ত নন বিক্ষুব্ধ শিবির। বিধায়ক নাজির গুরেজি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দাবি পূরণ না হলে তাঁরা বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবেন। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে এই বিধায়করা অন্তত পাঁচটি গোপন বৈঠক করেছেন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, বিজেপির এক প্রভাবশালী কেন্দ্রীয় নেতার ইন্ধনেই এই বিদ্রোহ পরিচালিত হচ্ছে।

জম্মু-কাশ্মীর বিধানসভার বর্তমান সমীকরণ অনুযায়ী, ওমর সরকারের স্থায়িত্ব এখন বড় প্রশ্নের মুখে। মোট ৯৫ আসনের বিধানসভায় (৫টি মনোনীত আসন শূন্য থাকায় কার্যকরী আসন ৯০) সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪৬টি আসন। বর্তমানে এনসি জোটের হাতে ৫৩টি আসন রয়েছে। ২৫ জন বিধায়ক ইস্তফা দিলে বা সমর্থন প্রত্যাহার করলে জোটের শক্তি কমে ২৮-এ নেমে আসবে, যা সংখ্যাগরিষ্ঠতার নিরিখে অত্যন্ত নগণ্য। সংসদ সদস্য আগা রুহুল্লাহ মেহদির ইস্তফার পর দলের অন্দরের এই বিশৃঙ্খলা ওমর আবদুল্লার নেতৃত্বাধীন জোট সরকারকে পতনের মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *