ভাইপোর বিয়েতে বাড়ি ফিরলেন প্রবাসী যুবক, প্রতিবেশীর গুলিতে নিথর দেহ! – বর্তমান বাংলা

ভাইপোর বিয়েতে বাড়ি ফিরলেন প্রবাসী যুবক, প্রতিবেশীর গুলিতে নিথর দেহ! – বর্তমান বাংলা

পার্কিং নিয়ে বচসার জেরে ধনতেরাসের রাতে ফরিদাবাদে খুন প্রবাসী যুবক

ফরিদাবাদ: ধনতেরাসের রাতে পার্কিংয়ের বচসাকে কেন্দ্র করে এক যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফরিদাবাদে। নিহত যুবকের নাম পরমজিৎ। তিনি সিঙ্গাপুরে কর্মরত ছিলেন এবং সপরিবারে সেখানেই থাকতেন। ভাইপোর বিয়ে উপলক্ষে সম্প্রতি তিনি ফরিদাবাদে নিজের বাড়িতে ফিরেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটা নাগাদ বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে পরমজিতের সঙ্গে তাঁর প্রতিবেশীর বচসা বাঁধে। ওই প্রতিবেশী সংশ্লিষ্ট আবাসনেরই চতুর্থ তলার বাসিন্দা। অভিযোগ, বচসার মাঝেই প্রতিবেশী পকেট থেকে পিস্তল বের করে পরমজিৎকে লক্ষ্য করে পরপর ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি চালান। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই যুবক। পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে আট থেকে নয়টি বুলেটের ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে খবর, ঘটনার পাঁচ দিন আগে একটি কুকুর পোষা নিয়ে ওই প্রতিবেশীর সঙ্গে পরমজিতের বিবাদ হয়েছিল। সেই আক্রোশ থেকেই এই হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রতিবেশী সপরিবারে পলাতক। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। উৎসবের মরসুমে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *