স্যান্ডপেপার গেট নিয়ে ৮ বছর পর বিস্ফোরক খোয়াজা, উত্তাল ক্রিকেট বিশ্ব! – বর্তমান বাংলা

বল বিকৃতি কাণ্ডে নয়া বিতর্ক, ‘গোটা দল জানত’ দাবি উসমান খোয়াজার
নিজস্ব প্রতিবেদন: ২০১৮ সালের কেপ টাউন টেস্টে সংগঠিত বিতর্কিত ‘স্যান্ডপেপার গেট’ বা বল বিকৃতি কাণ্ড নিয়ে নতুন করে বোমা ফাটালেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার উসমান খোয়াজা। তাঁর দাবি, এই ঘটনার কথা শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার বা ক্যামেরন ব্যানক্রফট জানতেন না, বরং তৎকালীন পুরো অস্ট্রেলিয়া দলই বিষয়টি সম্পর্কে অবগত ছিল।
২০১৮ সালের ওই টেস্টে ক্যামেরন ব্যানক্রফটকে শিরিষ কাগজ (স্যান্ডপেপার) ব্যবহার করে বলের উজ্জ্বলতা নষ্ট করতে দেখা গিয়েছিল, যা ক্রিকেট বিশ্বে ব্যাপক শোরগোল ফেলে দেয়। এই ঘটনার জেরে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নির্বাসিত করা হয়। ২০২১ সালে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড যৌথ বিবৃতিতে দাবি করেছিলেন যে, ওই ঘটনার বিষয়ে বোলাররা কিছুই জানতেন না। কিন্তু খোয়াজার নতুন এই মন্তব্যে সেই দাবি নিয়ে প্রশ্ন উঠে গেল।
নিজের আসন্ন আত্মজীবনী ‘সবর’-এর প্রচারের সময় এক সংবাদমাধ্যমকে খোয়াজা বলেন, “শুধু ব্যাটার বা সাপোর্ট স্টাফ নয়, দলের প্রত্যেকেই জানত যে কী হতে চলেছে। আমি ব্যক্তিগতভাবে এটি সমর্থন করিনি, কিন্তু ঘটনার সময় আমি ব্যানক্রফটের পাশেই বসেছিলাম। তবুও আমাকে এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন করেনি।”
এদিকে খোয়াজার এই বিস্ফোরক দাবির প্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, “ঘটনার আট বছর পরেও বিষয়টি নিয়ে জল্পনা চলছে, যা দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আরও বৃদ্ধি পেয়েছে। আমরা সমস্ত তথ্য খতিয়ে দেখেছি এবং নিজেদের স্বচ্ছতা প্রমাণের তদন্তে আমরা সন্তুষ্ট।”
বল বিকৃতি কাণ্ডের এত বছর পরও খোয়াজার এই চাঞ্চল্যকর দাবি অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে নতুন করে অস্বস্তির বাতাবরণ তৈরি করেছে।