লাইটম্যান থেকে বিএমডব্লু, এক অনন্য সাফল্যের গল্প! – বর্তমান বাংলা

ছেলের সাফল্যে বিএমডব্লিউ উপহার, সাফল্যের শিখরে উঠে অতীতের কথা স্মরণ গলসির সামসুদ্দিনের
নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: পড়াশোনা করার প্রবল ইচ্ছে থাকলেও দারিদ্র্যের কারণে নিজের সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে সেই অসম্পূর্ণ স্বপ্ন পূরণের ভার এখন তিনি তুলে দিয়েছেন ছেলের কাঁধে। নবম শ্রেণির হাফ ইয়ারলি পরীক্ষায় ছেলের ভালো ফলাফল দেখে আপ্লুত বাবা তাকে উপহার দিলেন বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি। আর এই অভিনব উপহারের সৌজন্যে বর্তমানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পূর্ব বর্ধমানের গলসির পারাজের বাসিন্দা সামসুদ্দিন।
সামসুদ্দিনের জীবনের পথচলা মোটেও সহজ ছিল না। গলসিতে জন্ম ও বেড়ে ওঠা সামসুদ্দিন জীবিকার সন্ধানে একসময় পাড়ি দিয়েছিলেন মুম্বইয়ে। সেখানে সিনেমা জগতে শুটিং লাইনে ‘লাইনম্যান’ হিসেবে কাজ করতেন তিনি। তবে বিয়ের পর কর্মজীবনের মোড় ঘোরানোর সিদ্ধান্ত নেন তিনি। মুম্বইয়ের অনিশ্চিত জীবন ছেড়ে ফিরে আসেন নিজ গ্রাম গলসিতে।
দেশে ফিরে শুরু করেন ধানের ব্যবসা। ক্রমে বন্ধ হয়ে যাওয়া একাধিক চালকল কিনে সেগুলিকে আধুনিক রূপ দেন। বর্তমানে তাঁর চালকলের উৎপাদিত ৯০ শতাংশ চাল বিদেশে রপ্তানি হয়। ব্যবসার এই সাফল্যের জেরে আজ তিনি আভিজাত্যের শিখরে। সামসুদ্দিনের গ্যারেজে এখন রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার এবং হুন্ডাই আলকাজারের মতো একাধিক বিলাসবহুল গাড়ির সম্ভার।
বিশাল প্রতিপত্তির অধিকারী হলেও মুম্বইয়ের সেই কঠিন দিনগুলোর কথা ভোলেননি সামসুদ্দিন। তিনি জানান, একসময় মুম্বইয়ে এমন দিন গিয়েছে যখন তাঁকে অভুক্ত থাকতে হয়েছে। কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমেই তিনি আজকের এই জায়গায় পৌঁছেছেন। সামসুদ্দিন বলেন, “আমি চাই আমার এই সাফল্য দেখে তরুণ প্রজন্ম উজ্জীবিত হোক। তারাও যেন স্বপ্ন দেখে ও কঠোর পরিশ্রমে জীবনে উন্নতি করতে পারে।”
ভবিষ্যতে নিজের ব্যবসার পাশাপাশি সমাজের কল্যাণেও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন এই ব্যবসায়ী। ছেলের সাফল্যে গাড়ি উপহার দেওয়ার ঘটনাটি কেবল এক পিতার আবেগই নয়, বরং এক পরিশ্রমী মানুষের জীবনের সাফল্যের প্রতীক হিসেবে দেখছেন স্থানীয়রা।