রামায়ণ নিয়ে দিলজিতের বড় চমক কি আসছে! – বর্তমান বাংলা

রামায়ণের গানে ভুলত্রুটির জন্য ক্ষমা চাইলেন দিলজিৎ দোসাঞ্জ
বিনোদন ডেস্ক: জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ সম্প্রতি রামায়ণের ওপর ভিত্তি করে নির্মিত একটি মেগা প্রজেক্টের জন্য একটি ভক্তিগীতি রেকর্ড করেছেন। এই গানে কণ্ঠ দেওয়ার পর নিজের বিনয় ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে শ্রোতাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
‘সির্ফ পাঞ্জাবিয়াত’ নামের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিলজিৎ তাঁর অনুভূতির কথা ব্যক্ত করেছেন। তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে নিজেকে এই পবিত্র দায়িত্ব পালনের যোগ্য বলে মনে করি না। তবে সুযোগটি পাওয়ার পর আমি সর্বস্ব দিয়ে তা সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করেছি।”
রেকর্ডিংয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই তারকা। তিনি জানান, স্টুডিওতে পূর্ণ একাগ্রতা ও আবেগের সঙ্গে গানটি রেকর্ড করেছেন তিনি। তবুও সংস্কৃত উচ্চারণ বা গায়কীর ক্ষেত্রে কোনো অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকলে, তার জন্য তিনি ভক্ত ও শ্রোতাদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিয়েছেন।
দিলজিতের এই বিনম্র ও মাটির মানুষসুলভ স্বভাব নেটদুনিয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছে। নেটিজেনরা তাঁর সততা ও সংস্কৃতির প্রতি এই শ্রদ্ধাবোধের ভূয়সী প্রশংসা করছেন। পাশাপাশি, রামায়ণের মতো এই মেগা প্রজেক্টের সঙ্গে যুক্ত নির্মাতা ও পুরো টিমকে শুভকামনা জানিয়েছেন গায়ক। দিলজিৎ আশা প্রকাশ করেন, এই চলচ্চিত্রটি ভারতীয় সংস্কৃতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।