ভারতের দাবিতে বাংলাদেশের তিন অঞ্চল, তুঙ্গে বিতর্ক! – বর্তমান বাংলা

ভারতের দাবিতে বাংলাদেশের তিন অঞ্চল, তুঙ্গে বিতর্ক! – বর্তমান বাংলা

নোয়াখালি, সিলেট ও চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করার দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের

নিজস্ব প্রতিবেদক:

সংসদে দাঁড়িয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি দাবি করেছেন, চট্টগ্রাম বন্দর, সিলেট ও নোয়াখালির মতো অঞ্চলগুলিকে পুনরায় ভারতের সীমানায় ফিরিয়ে আনা জরুরি। সাংসদের মতে, এই অঞ্চলগুলি ভারতের অন্তর্ভুক্ত না থাকায় উত্তর-পূর্বাঞ্চল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে।

নিশিকান্ত দুবে অভিযোগ করেন, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষায় ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর কার্যনির্বাহী প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর দাবি, ওই বছরের ১৫ অক্টোবর নোয়াখালিতে হিন্দু সম্প্রদায়ের ওপর ভয়াবহ গণহত্যা চালানো হয়, যেখানে একদিনে প্রায় ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। নেহরুর বিরুদ্ধে অভিযোগ তুলে সাংসদ বলেন, এত বড় ঘটনার পরেও তিনি নোয়াখালি পরিদর্শনে না গিয়ে মুসলিম লিগকে সরকারে অন্তর্ভুক্ত করার বিষয়ে বেশি আগ্রহী ছিলেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে সাংসদ জানান, তৎকালীন ‘ত্রিপ্রা’ বা ত্রিপুরা রাজ্যের অংশ ছিল নোয়াখালি, সিলেট ও চট্টগ্রাম। ত্রিপুরার শেষ রাজা বীর বিক্রম সিং ওই অঞ্চলগুলোর ভবিষ্যৎ নিয়ে নেহরুর কাছে গণভোটের দাবি জানিয়েছিলেন। পরবর্তীতে ১৯৪৮ সালে মহারানি কাঞ্চন প্রভা ‘ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন’-এ স্বাক্ষরের মাধ্যমে ত্রিপুরাকে আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত করেন।

উত্তর-পূর্ব ভারতের অর্থনৈতিক অনগ্রসরতার জন্য চট্টগ্রাম বন্দর ভারতের সীমানার বাইরে থাকাকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন নিশিকান্ত দুবে। তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর হাতছাড়া হওয়ার কারণেই উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ওই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হয়নি।”

পরিশেষে সাংসদ দাবি করেন, এই ঐতিহাসিক ভুলের ক্ষতিপূরণ এবং উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের স্বার্থে নোয়াখালি, সিলেট ও চট্টগ্রাম অঞ্চল পুনরায় ভারতের সীমানায় ফিরিয়ে আনা প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *