অবসর নিলেন মহম্মদ শামি, টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন তারকা পেসার! – বর্তমান বাংলা

অবসর নিলেন মহম্মদ শামি, টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন তারকা পেসার! – বর্তমান বাংলা

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন মহম্মদ শামি

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় দলের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। শুক্রবার রাতে ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তার মাধ্যমে তিনি তাঁর অবসরের কথা ঘোষণা করেন।

৩৬ বছর বয়সী শামি তাঁর বার্তায় লেখেন, ‘আমি সাদা জার্সি থেকে বিদায় নিচ্ছি। কিন্তু এর সঙ্গে জড়িত স্মৃতিগুলো রয়ে যাবে।’ টেস্ট ক্রিকেটকে জীবনের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে শুধু একটা ফরম্যাট ছিল না। আজ ভারী মন এবং অগণিত সুন্দর স্মৃতির সঙ্গে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করছি।’

নিজের দীর্ঘ যাত্রায় সমর্থন জোগানোর জন্য তিনি সতীর্থ, কোচ, পরিবার এবং লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমীকে ধন্যবাদ জানান। পাশাপাশি, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং রাজ্য সংস্থা সিএবি-কে তাঁর ওপর আস্থা রাখা ও উন্নতির সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতের হয়ে ৬৪টি টেস্টে ২২৯টি উইকেট নিয়েছেন শামি। আধুনিক যুগে ভারতীয় পেস আক্রমণের অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন তিনি। নিখুঁত সিম পজিশন এবং যেকোনো পিচ থেকে বল সুইং করানোর দক্ষতায় তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ২০২৩ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই ছিল শামির শেষ টেস্ট।

সূত্রের খবর, পাঁচ দিনের ক্রিকেটের শারীরিক ধকল নিতে না পারায় দেড় বছর আগেই তিনি ঘনিষ্ঠ মহলে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। নির্বাচকদের তরফ থেকেও তাঁকে আর টেস্ট ফরম্যাটের জন্য বিবেচনা করা হচ্ছিল না। তবে ঘরোয়া ক্রিকেটে নিজের ফর্ম বজায় রেখেছিলেন শামি। চলতি রঞ্জি ট্রফিতে তিন ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়েছেন তিনি। এর আগে দলীপ ট্রফিতেও পূর্বাঞ্চলের হয়ে ভালো পারফরম্যান্স করেছিলেন এই অভিজ্ঞ পেসার।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও, ভারতের হয়ে খেলার গর্ব সব সময় তাঁর হৃদয়ে বেঁচে থাকবে বলে জানিয়েছেন বাংলার এই তারকা ক্রিকেটার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *