কসবায় দীর্ঘ তল্লাশি, শেষমেশ ইন্দ্রনীল সেনকে নিয়ে বেরল পুলিশ! – বর্তমান বাংলা

কসবায় দীর্ঘ তল্লাশি, শেষমেশ ইন্দ্রনীল সেনকে নিয়ে বেরল পুলিশ! – বর্তমান বাংলা

দুর্গাপূজোর পাস ও টিকিট বিক্রিতে অনিয়ম: ইন্দ্রনীলের কসবার বাড়িতে দীর্ঘ তল্লাশি

নিজস্ব প্রতিবেদন: দুর্গাপূজার ভিআইপি পাস এবং প্রিভিউ শোয়ের টিকিট বিক্রিতে অনিয়ম ও আর্থিক দুর্নীতির মামলায় কসবায় অভিযুক্ত ইন্দ্রনীলের বাড়িতে দীর্ঘ তল্লাশি চালালেন তদন্তকারীরা। সোমবার রাত ৯টা ৯ মিনিট নাগাদ ইন্দ্রনীলকে সঙ্গে নিয়েই বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারী আধিকারিকরা।

অভিযোগ রয়েছে, ২০২১ সালে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর ‘মাস আর্ট সোসাইটি’ নামে একটি সংস্থা তৈরি করা হয়। এই সংস্থার আড়ালে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইউনেস্কোর নাম ও লোগো বেআইনিভাবে ব্যবহার করে চড়া দামে পাস ও টিকিট বিক্রি করা হয়েছে। তদন্তকারীদের দাবি, এই ঘটনায় প্রায় ১১৫ কোটি টাকার আর্থিক তছরুপ হয়েছে, যার মধ্যে শুধু পাস ও টিকিট বিক্রি থেকেই ৩০ থেকে ৬০ কোটি টাকা তোলা হয়েছে।

সোমবার কসবার চারতলা বাড়ি ‘মোহনা’-র তিনটি তলাতেই তল্লাশি চালান তদন্তকারীরা। বাড়ির প্রতিটি ঘর খুঁটিয়ে দেখা হয়। তবে এই অভিযানে নির্দিষ্ট কী কী নথি বা বৈদ্যুতিন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, তা নিয়ে পুলিশের তরফে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

এই দুর্নীতি মামলায় এর আগে একাধিকবার জিজ্ঞাসাবাদের পর ইন্দ্রনীলকে গ্রেফতার করা হয়। এই একই মামলায় সম্প্রতি গ্রেফতার হয়েছেন ‘মাস আর্ট’-এর সচিব ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ। তদন্তকারীদের মতে, পাস বিক্রির পরিকল্পনা এবং দুর্নীতির টাকা আড়ালের ক্ষেত্রে তাঁর বড় ভূমিকা ছিল।

প্রসঙ্গত, এই মামলায় ইন্দ্রনীলের স্ত্রী মধুচ্ছন্দা ও মেয়ে আভেরির নামও উঠে এসেছে। মধুচ্ছন্দা হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেলেও, তদন্তকারীদের সন্দেহ—দুর্নীতির টাকা মেয়ের বিভিন্ন অ্যাকাউন্টে সরানো হয়ে থাকতে পারে। সেই সূত্রে জিজ্ঞাসাবাদের জন্য আভেরিকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল। তবে আর্থিক তছরুপের এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *