শিলিগুড়িতে কয়েক কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩! – বর্তমান বাংলা

দীপাবলির আগে শিলিগুড়িতে উদ্ধার প্রায় ২ কেজি ব্রাউন সুগার, গ্রেপ্তার ৩
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: দীপাবলির আগে শিলিগুড়ির পিসি মিত্তল বাস টার্মিনাস এলাকা থেকে প্রায় ২ কেজি ব্রাউন সুগার-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ভক্তিনগর থানা ও স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) একটি যৌথ দল বৃহস্পতিবার রাতে এই অভিযান চালায়। উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
ধৃতদের নাম মহম্মদ আলি রমজান, শরীফুল ইসলাম ও রবিউল মিয়া। এদের মধ্যে মহম্মদ আলি রমজান ও শরীফুল ইসলাম মালদহের কালিয়াচকের এবং রবিউল মিয়া বৈষ্ণবনগরের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস ও গন্তব্য সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত এবং শহরে কোনো সুসংগঠিত চক্র সক্রিয় হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, শিলিগুড়িতে লাগাতার মাদকবিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে রামঘাট সেতুর নিচে ২৮৬ গ্রাম ব্রাউন সুগার-সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত ৪ নভেম্বর বাগডোগরায় এক দম্পতিকে ৩০৯ গ্রাম ও মাটিগাড়ায় ৬১ গ্রাম ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। ৩ নভেম্বর মাটিগাড়া এলাকা থেকে আরও ২৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।
পরপর মাদক উদ্ধারের ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত, পার্শ্ববর্তী রাজ্য এবং প্রতিবেশী দেশগুলোতে মাদক পাচারের জন্য শিলিগুড়িকে ট্রানজিট করিডোর হিসেবে ব্যবহার করা হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।