পিএইচডিতে সংরক্ষিত আসনে নতুন আবেদন বেআইনি, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের! – বর্তমান বাংলা

পিএইচডিতে সংরক্ষিত আসনে নতুন আবেদন বেআইনি, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের! – বর্তমান বাংলা

পিএইচডি ভর্তিতে নতুন আবেদন গ্রহণ নয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি খারিজ হাই কোর্টের

নিজস্ব প্রতিবেদন: পিএইচডি কোর্সে সংরক্ষিত আসনে ভর্তির দ্বিতীয় দফার কাউন্সেলিং চলাকালীন নতুন করে আবেদন গ্রহণের প্রক্রিয়া আইনসম্মত নয় বলে জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। ২০২৩ সালের সরকারি নির্দেশিকা অমান্য করে বর্ধমান বিশ্ববিদ্যালয় যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা খারিজ করে দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

ঘটনার সূত্রপাত, গত ৫ অক্টোবর বর্ধমান বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের পিএইচডি ভর্তি প্রক্রিয়ার দ্বিতীয় দফায় সংরক্ষিত শ্রেণির শূন্য আসনের জন্য অনলাইনে নতুন করে আবেদন আহ্বান করে। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন ঋতুপর্ণা চৌধুরী নামের এক প্রার্থী। সিঙ্গল বেঞ্চের রায়ে সন্তুষ্ট না হয়ে মামলাটি ডিভিশন বেঞ্চে পৌঁছায়।

মামলাকারীর আইনজীবী অভিজিৎ মণ্ডলের দাবি, ২০২৩ সালের সরকারি মেমোরেন্ডাম অনুযায়ী, সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সুনির্দিষ্ট পদ্ধতি মেনেই কেবল আসন অসংরক্ষিত করা সম্ভব। ইডব্লিউএস (EWS) বা অন্যান্য সংরক্ষিত শ্রেণির আসন পূরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ববর্তী মেধাতালিকায় থাকা বঞ্চিত প্রার্থীদেরই সুযোগ দেওয়া বিধেয়। নতুন করে আবেদন গ্রহণ বা মেধাতালিকার বাইরের কাউকে সুযোগ দেওয়া আইনত সিদ্ধ নয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি ছিল, নিয়মানুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের পুনর্বিবেচনার সুযোগ দেওয়া সত্ত্বেও যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। তবে আদালত এই যুক্তি খারিজ করে জানিয়েছে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের অন্তত দুবার পুনর্বিবেচনার সুযোগ দেওয়ার অর্থ এই নয় যে গোটা ভর্তি প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, ২০২৩ সালের সরকারি মেমোরেন্ডাম বাধ্যতামূলক নির্দেশিকা। শুধুমাত্র প্রথম দফায় আবেদনকারী এবং মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের মধ্য থেকেই শূন্যপদ পূরণের প্রক্রিয়া চালানো সম্ভব।

আদালতের এই নির্দেশের পর বর্ধমান বিশ্ববিদ্যালয় বিতর্কিত বিজ্ঞপ্তিটি বাতিল করেছে। পাশাপাশি, আবেদনকারী ঋতুপর্ণা চৌধুরীর প্রার্থীপদ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত বিবেচনার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *