তোলাবাজদের বিরুদ্ধে কড়া বার্তা অর্জুন সিংয়ের, তবে নিশানায় কে? – বর্তমান বাংলা

তোলাবাজদের বিরুদ্ধে কড়া বার্তা অর্জুন সিংয়ের, তবে নিশানায় কে? – বর্তমান বাংলা

বারাকপুরে সিন্ডিকেট-রাজ ও তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা অর্জুন সিংয়ের

নিজস্ব প্রতিবেদন, বারাকপুর: বারাকপুর শিল্পাঞ্চলে বাড়ি নির্মাণের ক্ষেত্রে সিন্ডিকেট-রাজ ও তোলাবাজি রুখতে কড়া অবস্থান নিলেন শ্রমমন্ত্রী তথা নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং। বৃহস্পতিবার ইছাপুরের বিকাশ বসু স্মৃতি কনভেনশন সেন্টারে আয়োজিত নোয়াপাড়ার ২ নম্বর মণ্ডলের বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে তিনি ঘোষণা করেন, বাড়ি তৈরির নাম করে আর কাউকে কোনো প্রকার টাকা বা চাঁদা দিতে হবে না।

অর্জুন সিং স্পষ্ট ভাষায় বলেন, ‘‘বাড়ি তৈরির সময় কেউ যদি এসে বলে যে তাদের থেকে সিমেন্ট-বালি কিনতে হবে কিংবা টাকা দিতে হবে, তবে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কেউ তোলাবাজি করতে এলে তার ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিন, আমরা আইনি ব্যবস্থা নেব।’’

এদিন বারাকপুর পুরসভার অপর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নারী নিরাপত্তা নিয়েও সরব হন অর্জুন সিং। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘কোনো মা-বোনের গায়ে হাত দিলে তার কঠোর জবাব দেওয়া হবে।’’

জনসাধারণের সুবিধার্থে নতুন একটি হেল্পলাইন চালু করার পরিকল্পনাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে এই পরিষেবা চালু হবে। এর মাধ্যমে সাধারণ মানুষ ফোনে আবেদন করলেই তাঁদের বাড়িতে শংসাপত্র পৌঁছে দেওয়া হবে। তবে এক্ষেত্রে নিয়ম অনুযায়ী প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হলফনামা জমা দিতে হবে। দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে মন্ত্রী স্পষ্ট করেছেন, কোনো আবেদনকারীকে কাজ না করে যেন দপ্তর থেকে ফিরিয়ে দেওয়া না হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *