অনুব্রতহীন বোলপুরে কেষ্ট কালীর পুজোয় গেরুয়া শিবিরের চমক! – বর্তমান বাংলা

অনুব্রতহীন বোলপুরে কেষ্ট কালীর পুজোয় গেরুয়া শিবিরের চমক! – বর্তমান বাংলা

বোলপুরের ‘কেষ্ট কালী’ পুজোয় গেরুয়া ছোঁয়া, দায়িত্বে বিজেপির কার্যকর্তারা

বোলপুর: অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বোলপুরের নিচুপট্টির বিখ্যাত ‘কেষ্ট কালী’ পুজোয় এল বড়সড় পরিবর্তন। এতদিনের তৃণমূল প্রভাবিত এই পুজোর আয়োজনে এবার গেরুয়া শিবিরের ছোঁয়া। পুজোর দায়িত্ব তুলে নিয়েছেন স্থানীয় বিজেপি কার্যকর্তারা।

বোলপুরের বাড়িপুকুর সম্মিলনী ক্লাবের এই কালীপুজোর সঙ্গে প্রায় নয় বছরের সম্পর্ক অনুব্রত মণ্ডলের। স্থানীয়দের নিয়ে অনুব্রতর হাতে গড়া এই পুজো একসময় এলাকায় ‘কেষ্ট কালী’ নামে পরিচিতি পায়। তৎকালীন সময়ে প্রতিমার উচ্চতা ৬০ ফুট পর্যন্ত পৌঁছাত। প্যান্ডেল থেকে তোরণ নির্মাণ—সবক্ষেত্রেই থাকত অনুব্রত মণ্ডলের সক্রিয় নজরদারি। এমনকি ২০২১ সালেও তিনি নিজে পুজোর উদ্বোধন করেছিলেন। কিন্তু তিহার জেলে বন্দি হওয়ার পর থেকেই এই পুজোর জৌলুস কমতে শুরু করে। গত বছর তৎকালীন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পুজোর দায়িত্বে থাকলেও এবার সেই জায়গা নিলেন বিজেপির নেতারা।

পুজোর দায়িত্বে থাকা বিজেপি মুখপাত্র সুমিত মণ্ডলের কথায়, “এতদিন ব্যক্তিগত পরিচিতি ও প্রভাব খাটিয়ে পুজো পরিচালনা করা হতো। এটি আসলে বাড়িপুকুর সম্মিলনী ক্লাবের সর্বজনীন পুজো। এলাকাভিত্তিক উদ্যোগেই এবার পুজোর আয়োজন করা হয়েছে।” কৃষ্ণনগর থেকে প্রতিমা আনা হচ্ছে বলে তিনি জানান। পাশাপাশি, পুজোর দিন প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

উল্লেখ্য, আগের তুলনায় প্রতিমার উচ্চতা কমিয়ে এবার ১৫ ফুট করা হয়েছে। এই পরিবর্তন প্রসঙ্গে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, পুজোটি তিনি শুরু করলেও পরে ক্লাবের হাতেই দায়িত্ব দিয়েছিলেন। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে কী করা হচ্ছে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। শনিবার বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার নেতৃত্বের হাত ধরে এই পুজোর উদ্বোধন হবে। দীর্ঘদিনের এই পুজোর আয়োজনে রাজনীতির পট পরিবর্তনের ফলে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *