গঙ্গায় ফিরছে মাছ, দূষণমুক্ত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য! – বর্তমান বাংলা

গঙ্গা দূষণ রোধ ও মৎস্যজীবীদের স্বনির্ভর করতে হাওড়ায় ছাড়া হলো ৬ লক্ষ মাছের চারা
নিজস্ব প্রতিবেদন, হাওড়া: গঙ্গা দূষণ রোধ এবং মৎস্যজীবীদের উপার্জনের পথ সুগম করতে রাজ্যে বাস্তবায়িত হলো কেন্দ্রীয় প্রকল্প ‘মৎস্য সঞ্চার কর্মসূচি’। শুক্রবার হাওড়ায় মৎস্য দপ্তরের উদ্যোগে গঙ্গার তিনটি ঘাটে মোট ৬ লক্ষ রুই ও কাতলা মাছের চারা ছাড়া হয়েছে। প্রধানমন্ত্রীর মৎস্য সম্পদ যোজনার আওতায় আয়োজিত এই কর্মসূচি ঘিরে স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে।
হাওড়া জেলা প্রশাসন ও সহ মৎস্য অধিকর্তার উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমবায় ফেডারেশন লিমিটেড (বেনফিশ)-এর সহযোগিতায় শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটসহ তিনটি ঘাটে এদিন মাছের চারাগুলি ছাড়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই, জেলা পরিষদের সহ-সভাধিপতি তুষার ঘোষ এবং হাওড়ার জেলাশাসক পি. দীপাপ প্রিয়া।
এদিনের কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী উমেশ রাই জানান, এই উদ্যোগের দুটি প্রধান লক্ষ্য রয়েছে। প্রথমত, গঙ্গায় মাছের সংখ্যা বাড়িয়ে মৎস্যজীবীদের জীবিকার সুযোগ তৈরি করা। দ্বিতীয়ত, পরিবেশগত ভারসাম্য বজায় রাখা। মন্ত্রীর কথায়, “গঙ্গায় ছাড়া মাছের চারাগুলি বড় হলে মৎস্যজীবীরা তা ধরতে পারবেন। পাশাপাশি, মাছগুলি গঙ্গার দূষিত পদার্থ খাদ্য হিসেবে গ্রহণ করবে, যা নদীকে দূষণমুক্ত করতে সহায়তা করবে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গঙ্গায় মাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তার ওপর মৎস্যজীবীদের মাছ ধরার ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ থাকায় তাঁরা দীর্ঘকাল ধরে সমস্যার সম্মুখীন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রকল্পের সহায়তায় রাজ্য সরকারের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন মৎস্য দপ্তরের আধিকারিক ও স্থানীয় মৎস্যজীবীরা। হ্যাচারি থেকে উন্নত মানের রুই ও কাতলা মাছের চারা সংগ্রহ করে এদিন গঙ্গার জলে ছাড়া হয়েছে, যা ভবিষ্যতে মৎস্যজীবীদের আর্থিক স্বনির্ভরতায় বড় ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।