৩ সপ্তাহে ফের মুম্বইয়ে বোমা হামলার হুমকি! আতঙ্কিত অমিতাভ বচ্চন। – বর্তমান বাংলা

মুম্বইয়ের একাধিক স্থানে বোমা হামলার হুমকি, জারি হাই অ্যালার্ট
নিজস্ব প্রতিবেদক, মুম্বই: বম্বে হাইকোর্ট, বলিউড তারকা অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’, বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ওরলি রেসকোর্স উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঠানো একটি ই-মেলকে কেন্দ্র করে মুম্বইজুড়ে সর্বোচ্চ সতর্কতা বা ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে।
নিরাপত্তা সংস্থা সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বম্বে হাইকোর্টের অফিসিয়াল ই-মেল আইডিতে এই হুমকি বার্তা পাঠায়। এতে উল্লিখিত প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার সরাসরি হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে মুম্বই পুলিশ প্রশাসন ও সাইবার সেল দ্রুত তদন্ত শুরু করেছে। ই-মেলটির উৎস বা আইপি (IP) অ্যাড্রেস শনাক্ত করতে গোয়েন্দারা জোর তল্লাশি চালাচ্ছেন। এর পেছনে কোনো আন্তর্জাতিক চক্রের হাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, মাত্র তিন সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’-কে নিশানা করা হলো। এর আগে গত ২২ অক্টোবর একইভাবে তাঁর বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।
এই ঘটনার পর শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বোম ডিসপোজাল স্কোয়াড (BDDS) ও পুলিশি নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।