সপ্তম পে কমিশনের আওতায় শিক্ষক-শিক্ষাকর্মীরা, নবান্নের বড় ঘোষণা! – বর্তমান বাংলা

সপ্তম পে কমিশনের আওতায় সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মীরাও
নিজস্ব প্রতিবেদন: রাজ্যের সপ্তম বেতন কমিশন নিয়ে যাবতীয় সংশয় দূর করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষিত সপ্তম পে কমিশনের সুবিধা থেকে বঞ্চিত হবেন না গ্রান্ট-ইন-এইড বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী ও শিক্ষকরা। নবান্নের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষক এবং মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই বেতন কমিশনের আওতাভুক্ত থাকবেন।
গত আগস্ট মাসে সপ্তম বেতন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে নবান্নে প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই কমিশনের ‘টার্মস অফ রেফারেন্স’ অনুযায়ী কর্মীদের পরিষেবা, বিধিবদ্ধ সংস্থা ও নিগমের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনার পাশাপাশি কাজের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। স্বচ্ছতা বজায় রাখতে এবং তথ্য সংগ্রহের সুবিধার্থে একটি ডেডিকেটেড ওয়েবসাইটও চালু করা হয়েছে, যেখানে পরামর্শ গ্রহণ ও স্মারকলিপি জমার ব্যবস্থা রয়েছে।
সূত্রের খবর, যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হলে আগামী জানুয়ারি মাস থেকেই রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর হতে পারে।
যেসব বিশ্ববিদ্যালয় এই কমিশনের আওতায় থাকছে:
কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, মৌলনা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়, সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, রানিগঞ্জ বিশ্ববিদ্যালয়, বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস এবং আলিয়া বিশ্ববিদ্যালয়।