সিরাজ ফিরছেন কি, দ্বিতীয় ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ কেমন হবে? – বর্তমান বাংলা

সিরিজ জয়ের লক্ষ্যে ওয়েলিংটনে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
ওয়েলিংটন: ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ী টিম ইন্ডিয়া শনিবার ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে। শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের দখলে নিতে মরিয়া। ভারতীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ।
বিদেশের মাটিতে সিরিজ জয় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে ভারতকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। প্রথম ম্যাচে জয়ী ভারতের প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রথম ওয়ানডেতে খেলতে না পারা মহম্মদ সিরাজ দলের সঙ্গে যোগ দিয়েছেন। দ্বিতীয় ম্যাচে আকিব নবীর পরিবর্তে সিরাজের দলে ঢোকা প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। সিরাজের অন্তর্ভুক্তি ভারতের বোলিং বিভাগকে আরও ধারালো করবে।
ব্যাটিং লাইন আপে ওপেনিংয়ে রোহিত শর্মা ও শুভমন গিল থাকছেন। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়া রোহিতের কাছে এই ম্যাচটি নিজের ছন্দ ফিরে পাওয়ার বড় সুযোগ। অন্যদিকে, দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলির দিকেও নজর থাকবে সবার। এছাড়া শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল এবং নমন ধীরকে ব্যাটিং অর্ডারের বিভিন্ন জায়গায় দেখা যেতে পারে। বোলিং বিভাগে অর্শদীপ সিং, অংশুল কম্বোজ ও গুরনুর বারার আগের ম্যাচের পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করবেন।
অন্যদিকে, চোটের কারণে ডেভন কনওয়ে পুরো সিরিজ থেকে ছিটকে যাওয়ায় নিউজিল্যান্ডের শক্তি কিছুটা কমেছে। তবে কিউই শিবিরে স্বস্তির খবর, তারকা পেসার ম্যাট হেনরি পুরোপুরি ফিট। দ্বিতীয় ম্যাচে তাঁর দলে ফেরা প্রায় নিশ্চিত, সেক্ষেত্রে বাদ পড়তে পারেন ব্লেয়ার টিকনার।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), নমন ধীর, অংশুল কম্বোজ, গুরনুর বারার, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং।
নিউজিল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ: টিম সাইফার্ট, উইল ইয়ং, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, কাইল জেমিসন, ম্যাট হেনরি এবং জ্যাকব ডাফি।