জমি বিক্রির টাকায় নজর, কোচবিহারে পাশাপাশি বাড়িতে দম্পতির রহস্যমৃত্যু! – বর্তমান বাংলা

জমি বিক্রির টাকায় নজর, কোচবিহারে পাশাপাশি বাড়িতে দম্পতির রহস্যমৃত্যু! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

কোচবিহার: জমি বিক্রির মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেই কি মর্মান্তিক পরিণতি হলো প্রবীণ দম্পতির? কোচবিহারের বক্সিরহাট থানার রামপুর-২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপুর গ্রামে এক রাতেই স্বামী ও তাঁর দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃতেরা হলেন সুনীল বিশ্বাস (৭০) এবং তাঁর দ্বিতীয় স্ত্রী জানকী বিশ্বাস (৫২)। পেশায় মুদির দোকানদার ও সুদের ব্যবসায়ী সুনীলবাবু প্রথম ও দ্বিতীয়—দুই পরিবারকেই পাশাপাশি দুটি বাড়িতে রেখে সংসার চালাতেন। সম্প্রতি তিনি কিছু জমি বিক্রি করায় তাঁর কাছে মোটা অঙ্কের নগদ টাকা ছিল। শনিবার রাতে সেই টাকার লোভেই আততায়ীরা হামলা চালিয়েছে কি না, তা নিয়ে জোরালো সন্দেহ দানা বাঁধছে।

রবিবার সকালে সুনীলবাবুর ঘরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ হয় তাঁর ছেলে সজল বিশ্বাসের। ভেতরে ঢুকে তিনি বাবার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। এরপর খোঁজাখুঁজি শুরু হলে বাড়ি থেকে কিছুটা দূরে একটি জঙ্গলের ভেতর থেকে উদ্ধার হয় দ্বিতীয় স্ত্রী জানকী বিশ্বাসের দেহ।

ঘটনার খবর পেয়ে জোড়াই ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একই সঙ্গে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *