নারকেল গাছ লাগালেই মিলবে টাকা, জানুন কীভাবে পাবেন এই সরকারি সুবিধা! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
রাজ্যে নারকেল চাষে আগ্রহ বাড়াতে এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতে বিশেষ ভর্তুকির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নারকেল উন্নয়ন বোর্ড ও রাজ্য কৃষি দফতরের যৌথ উদ্যোগে এই প্রকল্পে একটি নারকেল চারা রোপণের জন্য সর্বোচ্চ ৩৫০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যাবে। সাধারণ চাষিরা সর্বনিম্ন ৫টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত চারা লাগিয়ে এই ভর্তুকির সুবিধা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, যাঁদের সাড়ে সাত বিঘার বেশি জমি রয়েছে, তাঁরা সুপরিকল্পিত বাগান তৈরির জন্য সর্বোচ্চ ৩ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন। তবে এই সুবিধা পেতে অবশ্যই অনুমোদিত ও উন্নত মানের চারা ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি এই ভর্তুকির টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। আবেদন করার জন্য ইচ্ছুক ব্যক্তিদের স্থানীয় ব্লক কৃষি অফিস বা সংশ্লিষ্ট ডেভেলপমেন্ট বোর্ডে যোগাযোগ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জমির পর্চা, ভোটার বা পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং সক্রিয় মোবাইল নম্বর জমা দেওয়া বাধ্যতামূলক। নির্দিষ্ট নিয়ম মেনে চারা রোপণ এবং তার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার পরই এই সরকারি অনুদান প্রদান করা হয়। রাজ্যের গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে এবং নারকেল উৎপাদন বৃদ্ধিতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।