সাধারণ ঝালমুড়ি ৪০০ টাকা, এক কাপ চা ৯০০! তারকাদের রেস্তোরাঁর আকাশছোঁয়া দাম দেখে অবাক সবাই – বর্তমান বাংলা

সাধারণ ঝালমুড়ি ৪০০ টাকা, এক কাপ চা ৯০০! তারকাদের রেস্তোরাঁর আকাশছোঁয়া দাম দেখে অবাক সবাই – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

বলিউড তারকাদের রেস্তোরাঁর খাবার-দাবারের আকাশছোঁয়া দাম নিয়ে সম্প্রতি নেটদুনিয়ায় জোর শোরগোল শুরু হয়েছে। সাধারণ ঝালমুড়ির দাম যদি হয় প্রায় চারশো টাকা আর এক কাপ চা খেতে খরচ করতে হয় নয়শো টাকার বেশি, তবে চমকে যাওয়াটাই স্বাভাবিক। সম্প্রতি সালমান খানের বোন অর্পিতা খান শর্মার রেস্তোরাঁর মেনু কার্ড ছড়িয়ে পড়ার পর প্রকাশ্যে এসেছে অন্যান্য তারকাদের রেস্তোরাঁর চোখ-ধাঁধানো এই খরচের তালিকা। অভিনেত্রী মৌনি রায়ের জনপ্রিয় রেস্তোরাঁ ‘বদমাশ’-এ সাধারণ পেঁয়াজির দাম ৩৫৫ টাকা, তন্দুরি রুটি ১০৫ টাকা এবং একটি শাহি টুকরা বা গুলাব জামুনের দাম ৪১০ টাকা। এমনকি অ্যাভোকাডো ও ঝালমুড়ির সংমিশ্রণে তৈরি বিশেষ পদ ‘অ্যাভোকাডো ভেল’-এর দাম হাঁকা হয়েছে ৩৯৫ টাকা।

গ্ল্যামার জগতের এই রেস্তোরাঁগুলির মেনু কার্ড সাধারণ মানুষের সাধ্যের অতীত হলেও উচ্চবিত্তদের আনাগোনায় এগুলির আয় নজরকাড়া। একই রকম চড়া দাম দেখা যায় অভিনেত্রী শিল্পা শেট্টির মুম্বইয়ের বিলাসবহুল রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’-এ। এখানে এক কাপ জুঁই ফুলের ভেষজ চা পানের জন্য গুণতে হয় ৯২০ টাকা, এক পিস অ্যাভোকাডো টোস্ট ৮০০ টাকা, চিলি গার্লিক নুডলস ৬৭৫ টাকা এবং বুব়্যাটা স্যালাড ১০৫০ টাকা। এমনকি ফরাসি ওয়াইনের বোতলের দাম পৌনে দুই লক্ষ টাকা ছুঁয়েছে। বিশিষ্ট লেখিকা শোভা দে জানান, প্রতিদিন বিত্তশালী ও তারকাদের ভিড়ে জমজমাট থাকে এই প্রতিষ্ঠানটি। তথ্যানুসারে, শিল্পার এই সুবিশাল রেস্তোরাঁর এক রাতের আয় প্রায় দুই থেকে তিন কোটি টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *