পুজোর মুখে আলু নিয়ে হাহাকার, মাথায় হাত চাষিদের! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
উৎসবের মরসুমের আগে রাজ্যের হিমঘরগুলিতে প্রায় ৯ কোটি ২৬ লক্ষ প্যাকেট আলু মজুত থাকায় তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। চলতি বছর মোট ১৬ কোটি ১ লক্ষ প্যাকেট আলু জমা হলেও, আগস্ট মাস পর্যন্ত মাত্র ৩৯.৮৭ শতাংশ আলু বিক্রি হয়েছে। অথচ বিগত বছরগুলিতে এই সময়ে প্রায় ৫০ শতাংশ আলু বাজারজাত হয়ে যেত। চাহিদার তুলনায় বিক্রি কম থাকায় এবং ভিনরাজ্যে আলু পাঠানোর পথ সংকুচিত হওয়ায় চরম আর্থিক সঙ্কটে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। ফলন ভালো হলেও উপযুক্ত দাম না মেলায় অনেক চাষি হিমঘর থেকে আলু তুলতে অনীহা প্রকাশ করছেন।
পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। ব্যবসায়ী সংগঠনগুলির আশঙ্কা, বর্তমান অবস্থা বজায় থাকলে ডিসেম্বর মাসেও বিপুল পরিমাণ আলু হিমঘরেই থেকে যাবে। এর জেরে চাষিদের পাশাপাশি সাধারণ মানুষের সংসার চালানো এবং আসন্ন পুজোর খরচ জোগানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাইরের রাজ্যে আলু পাঠানোর ব্যবস্থা না করলে এবং সরকারের বিকল্প পরিকল্পনা না থাকলে আগামী দিনে সঙ্কট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।