স্কুলে তিলক পরায় মানসিক নির্যাতন! বরখাস্ত অভিযুক্ত শিক্ষিকা, কড়া বার্তা প্রশাসনের – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
কলকাতা: স্কুলে চন্দনের তিলক পরে আসায় এক খুদে পড়ুয়ার ওপর মানসিক অত্যাচারের অভিযোগে অবশেষে কঠোর ব্যবস্থা নেওয়া হলো। কলকাতার ‘হলি মিশন ইংলিশ মিডিয়াম স্কুল’-এর অভিযুক্ত শিক্ষিকাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।
সম্প্রতি ওই শিশুটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে শিশুটিকে জানাতে শোনা যায়, সে নিয়মিত কপালে চন্দনের তিলক কেটে স্কুলে যেত। কিন্তু স্কুলের এক শিক্ষিকা দিনের পর দিন জোর করে সেই তিলক মুছিয়ে দিতেন এবং মুখ ধুয়ে আসার জন্য মানসিক চাপ দিতেন। বিষয়টি নজরে আসতেই প্রকাশ্যে সরব হয় রাজ্য প্রশাসন।
শুক্রবার জলসম্পদ ভবনে রাজ্য বন্যা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে মুখ খোলা হয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনো ছোট বাচ্চার ধর্মীয় বা ব্যক্তিগত আচার ঘিরে এই ধরনের মানসিক অত্যাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। খবর পাওয়া মাত্রই অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি কড়া পদক্ষেপ বাস্তবায়িত করা হয়।
একই সাথে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে আরও একটি কড়া ব্যবস্থার কথা তুলে ধরা হয়। সোশ্যাল মিডিয়ায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অবমাননাকর ও আপত্তিকর পোস্ট করায় বিকাশ ভবনের এক কর্মী কে বিভাগীয় তদন্তের মাধ্যমে বরখাস্ত করা হয়েছে। বার্তায় স্পষ্ট বলা হয়, সরকারি দায়িত্বে থেকে কোনো সাংবিধানিক প্রধানকে অপমান করা কিংবা দায়িত্বজ্ঞানহীন আচরণ ক্ষমার অযোগ্য।