তারাপীঠে পুজো দিতে আর লম্বা লাইন নয়, অ্যাপেই মিলবে ডিজিটাল টিকিট! – বর্তমান বাংলা

তারাপীঠে পুজো দিতে আর লম্বা লাইন নয়, অ্যাপেই মিলবে ডিজিটাল টিকিট! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

তারাপীঠ মন্দিরে ভিআইপি দর্শনের নিয়মে আসতে চলেছে বড় পরিবর্তন। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরের ধাঁচে এবার তারাপীঠেও চালু হচ্ছে ডিজিটাল কুপন ব্যবস্থা। রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, মহকুমা শাসক অশ্বিন বি রাঠোর এবং মন্দির কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রবিবার থেকে ৫০০ টাকার কাগুজে কুপন বন্ধ করে পুরোপুরি মোবাইল অ্যাপনির্ভর টিকিট পরিষেবা শুরু হবে। নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করে নাম ও ওটিপি দিয়ে লগ-ইন করার পর অনলাইনে ৫০০ টাকা পেমেন্ট করলেই টিকিট মিলবে। এর ফলে পুণ্যার্থীরা হোটেল কিংবা ট্রেনে বসেই ভিআইপি দর্শনের সুযোগ পাবেন। পরবর্তীতে এই অ্যাপের মাধ্যমে ‘টাইম স্লট’ বুকিংয়ের সুবিধাও যুক্ত করা হবে, যাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়।

কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে আপাতত পরীক্ষামূলকভাবে এই ডিজিটাল ব্যবস্থা চালু করছে মন্দির কমিটি। সুবিধা-অসুবিধা পর্যালোচনার পর এটি স্থায়ী করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ডিজিটাল ব্যবস্থা এলেও ভিআইপি কুপনের অর্থ বণ্টন নিয়ে বিতর্ক রয়েই গেছে। নিয়ম অনুযায়ী, ৫০০ টাকার মধ্যে মন্দির কমিটি পায় ১০০ টাকা এবং বাকি ৪০০ টাকা ভাগ হয় পালাদার সেবাইত ও পান্ডাদের মধ্যে। প্রশাসনিক কর্তারা এটিকে সেবাইতদের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করলেও, অর্থ বণ্টনের কাঠামো অপরিবর্তিত রাখা নিয়ে প্রশ্ন তুলছেন একাংশ। প্রশাসনিক স্বচ্ছতা রক্ষা ও পর্যটকদের সময় বাঁচাতেই এই আধুনিক পদক্ষেপে নজর দিয়েছে তারাপীঠ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *