মেঝেতে পড়ে থাকা নুডলস থেকে তৈরি ভুজিয়া! উৎপাদন বন্ধের নির্দেশ দিল প্রশাসন – বর্তমান বাংলা

মেঝেতে পড়ে থাকা নুডলস থেকে তৈরি ভুজিয়া! উৎপাদন বন্ধের নির্দেশ দিল প্রশাসন – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

নেপালের একমাত্র বিলিয়নেয়ার বিনোদ চৌধুরীর জনপ্রিয় ইনস্ট্যান্ট নুডল ব্র্যান্ড ‘ওয়াই-ওয়াই’ (Wai-Wai)-এর কারখানায় অভিযান চালিয়ে স্তম্ভিত হয়ে গেলেন ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (FSSAI) ও পুলিশের তদন্তকারীরা। রাজস্থানে সিজি ফুডস ইন্ডিয়ার ওই কারখানায় গিয়ে দেখা যায়, কারখানার মেঝেতে নোংরা অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা ভাঙা নুডল সংগ্রহ করে কোনো রকম তাপপ্রয়োগ ছাড়াই সরাসরি ভুজিয়া তৈরিতে ব্যবহার করা হচ্ছিল। এই ভয়াবহ অনিয়ম হাতেনাতে ধরে ফেলার পর সেখান থেকে প্রায় ৩২ হাজার কেজি মজুত ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট উৎপাদন বন্ধের নির্দেশ জারি করা হয়েছে।

সম্প্রতি দেশজুড়ে খাদ্যের গুণগত মান রক্ষায় জিরো টলারেন্স নীতি নিয়ে অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর। মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হাজার হাজার রেস্তোরাঁ ও গুদামে তল্লাশি চালিয়েছে। নামী সফট ড্রিঙ্কস এবং চিপসের প্যাকেটের মেয়াদ শেষের তারিখ জাল করে বাজারে ছাড়ার মতো একাধিক বেআইনি কারবার ফাঁস হয়েছে এই তদন্তে। বাতিল করা হয়েছে বহু লাইসেন্স, বাজেয়াপ্ত হয়েছে লক্ষ লক্ষ কেজি ভেজাল খাবার। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা এই নামী সংস্থাগুলির কাজের ধরণ দেখে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *