রাজনীতির ময়দানে বাজিমাত, বিজেপিতে যোগ দিয়েই বড় চমক মানসীর! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
টেলিভিশন পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী মানসী সেনগুপ্ত আনুষ্ঠানিকভাবে পা রাখলেন রাজনৈতিক আঙিনায়। এবার গেরুয়া শিবিরে নাম লিখিয়ে নতুন ইনিংস শুরু করলেন তিনি। ভারতীয় জনতা মজদুর সেল (BJMC)-এর দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাজনীতির ময়দানে নতুন সফর শুরু করার ঘটনাটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বিশেষ বলে বর্ণনা করেছেন অভিনেত্রী নিজেই। ‘নিম ফুলের মধু’, ‘কী করে বলব তোমায়’ কিংবা ‘উমা’-র মতো একাধিক হিট ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি সোশাল মিডিয়ায় অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন।
রাজনৈতিক ক্যারিয়ার শুরুর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে মানসী সেনগুপ্ত নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, আগে কোনো দলের মিটিং-মিছিলে সক্রিয় ছিলেন না, কিংবা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি। অতীত বিতর্ক বা শাসকদলের সমালোচনা এড়িয়ে তিনি স্পষ্ট জানান, তাঁর মূল লক্ষ্য এখন জনকল্যাণ ও সাধারণ মানুষের উন্নতির জন্য কাজ করা। একা হাতে দুই সন্তানের দায়িত্ব সামলানো এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি এখন থেকে মানুষের সেবায় সমানভাবে নিজেকে নিয়োজিত রাখার বার্তা দিলেন। গ্ল্যামার জগৎ থেকে রাজনীতির আঙিনায় পা রাখা এই জনপ্রিয় অভিনেত্রী নতুন ভূমিকায় কতটা সফল হন, সেদিকেই এখন নজর রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল সবার।