হলিউডে পা রাখতেই বড় ধাক্কা, পরিচালক সায়নীর বিরুদ্ধে গুরুতর জালিয়াতির অভিযোগ! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
হলিউডে অভিষেকের পরপরই বড়সড় আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেত্রী ও নির্দেশক সায়নী গুপ্ত। চলতি বছরের শুরুতে মুক্তিপ্রাপ্ত তাঁর পরিচালিত প্রথম ছবি ‘আসমানি’-র বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন ও বিশ্বাসভঙ্গের মারাত্মক অভিযোগ এনেছেন চলচ্চিত্র নির্মাতা বিনীতা নেগি। এফটিআইআই-এর প্রাক্তন এই ছাত্রীর দাবি, তাঁর আসাম্পূর্ণ তথ্যচিত্র ‘প্রভা’র মূল ভাবনা ও চিত্রনাট্য চুরি করে সায়নী নিজের ছবিটি বানিয়েছেন। বিতর্কের জেরে ইতিমধ্যেই ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ নিউজিল্যান্ড’ থেকে ছবিটিকে আচমকা সরিয়ে নেওয়া হয়েছে, যা প্রজেক্টটির বাণিজ্যিক সম্ভাবনার ব্যাপক ক্ষতি করেছে।
অন্যদিকে, এই সমস্ত দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে উড়িয়ে দিয়েছেন সায়নী। পাল্টা আইনি পদক্ষেপ হিসেবে বিনীতার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দিয়ে জরুরি ভিত্তিতে আদালতের কাছে অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদন জানিয়েছেন তিনি। সায়নীর আইনি টিমের স্পষ্ট বক্তব্য, কপিরাইট আইন মৌলিক প্রকাশের সুরক্ষা দেয়, কোনো সাধারণ ভাবনার ওপর একচ্ছত্র অধিকার প্রদান করে না। এটি একটি সম্পূর্ণ মৌলিক সৃষ্টি এবং মিথ্যা অভিযোগের সামনে তিনি মাথা নত করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সায়নী।