বেঙ্গালুরুতে বড়সড় অভিযান, গ্রেফতার ৩১ বাংলাদেশি! – বর্তমান বাংলা

বেঙ্গালুরুতে বড়সড় অভিযান, গ্রেফতার ৩১ বাংলাদেশি! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

মালদা: বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা থেকে আটক হওয়া ৩১ জন বাংলাদেশি নাগরিককে গভীর রাতে ট্রেনে করে মালদা টাউন স্টেশনে আনা হয়েছে। সেখান থেকে তাঁদের ইংরেজবাজারের একটি হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে বিএসএফের সহায়তায় তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হতে পারে। ধৃতদের মধ্যে ১৭ জন পুরুষ, ১১ জন মহিলা এবং ৩ জন শিশু রয়েছে।

তদন্তে জানা গেছে, গত ৮ মাস থেকে ১ বছরের মধ্যে মালদা জেলার বিভিন্ন খোলা সীমান্ত দিয়ে এরা ভারতে প্রবেশ করেছিলেন। এরপর দালালচক্রের সাহায্যে বেঙ্গালুরু পৌঁছে হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন বাড়িতে কাজের সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে জয়নগর, মল্লেশ্বরমসহ বেঙ্গালুরুর ৫টি থানা এলাকার শপিং মল ও আবাসন থেকে পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

ধৃতদের অধিকাংশের বাড়ি বাংলাদেশের রাজশাহী ও যশোর জেলায়। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে তাঁরা সেখানে বসবাস করছিলেন বলে অভিযোগ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতদের একাংশ জানান, বাংলাদেশে চরম আর্থিক সংকট ও কাজ হারানোর ফলে বাধ্য হয়েই দালালের মাধ্যমে ঋণ করে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। মালদা জেলা পুলিশ ও বিএসএফ বর্তমানে এই অনুপ্রবেশের পেছনে থাকা দালালচক্রটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *