রাম মন্দির ট্রাস্টে ঐতিহাসিক বদল, প্রথম সিইও হলেন প্রাক্তন এয়ার মার্শাল ধীরেন্দ্র মিশ্র! – বর্তমান বাংলা

রাম মন্দির ট্রাস্টে ঐতিহাসিক বদল, প্রথম সিইও হলেন প্রাক্তন এয়ার মার্শাল ধীরেন্দ্র মিশ্র! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

অযোধ্যা: বিতর্কের মেঘ কাটিয়ে রাম মন্দির ট্রাস্টের প্রশাসনে স্বচ্ছতা ও পেশাদারিত্ব আনতে বড় পদক্ষেপ নেওয়া হল। ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল ধীরেন্দ্র মিশ্রকে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রথম পূর্ণকালীন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে নিযুক্ত করা হয়েছে। প্রায় ৫,৫৮৯ জন আবেদনকারীর মধ্য থেকে তাঁকে এই পদের জন্য বেছে নেওয়া হয়।

সিইও নিয়োগের পাশাপাশি ট্রাস্টের প্রশাসনিক কাঠামোতেও রদবদল আনা হয়েছে। নতুন ট্রাস্টি হিসেবে মনোনীত হয়েছেন মহেশ ভাগচন্দকা, অযোধ্যার প্রাক্তন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল মদন মোহন পান্ডে এবং নির্মলা যাদব।

চলতি বছরের শুরুর দিকে রাম মন্দিরের দানপাত্র থেকে অর্থ ও অলঙ্কার তছরুপের ঘটনা ঘিরে চরম বিতর্ক তৈরি হয়। ঘটনার তদন্তে আটজনকে গ্রেফতারও করা হয়। এই বিতর্কের জেরে ট্রাস্টের সচিব পদ থেকে ইস্তফা দেন বিশ্ব হিন্দু পরিষদের সহ-সভাপতি চম্পত রাই। এরপরই মন্দির পরিচালনায় স্বচ্ছতা আনতে একজন পেশাদার পূর্ণকালীন সিইও নিয়োগের সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানান, বিশ্বমঞ্চে আলোচিত এই পবিত্র প্রকল্পের সুষ্ঠু পরিচালনা ও স্বচ্ছতা বজায় রাখতে সিইও-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্প্রতি ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্য গোপাল দাস, স্বামী কমলনয়ন দাস, অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক ডঃ কৃষ্ণ মোহন, ট্রাস্টি মহন্ত দীনেন্দ্র দাস এবং কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরির উপস্থিতিতে আয়োজিত এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাস্ট সূত্রে জানা গেছে, নবনিযুক্ত সিইও ধীরেন্দ্র মিশ্রের মূল কাজ হবে মন্দিরের বিশাল আকার ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এক সুদৃঢ় সাংগঠনিক ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলা। তবে সিইও এবং নতুন ট্রাস্টিদের দায়িত্ব ও সুযোগ-সুবিধার পূর্ণাঙ্গ বিবরণ এখনও প্রকাশ্যে আনা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *