বাসের ভাড়াতেই বিমান সফর! আসছে ১০০টি নতুন বিমানবন্দর! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
ভারতে আকাশপথে যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। আগামী ১০ বছরে প্রায় ৩০,০০০ কোটি টাকা ব্যয়ে দেশে আরও ১০০টি নতুন বিমানবন্দর তৈরি করা হবে। মঙ্গলবার গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরে ভারতের তৃতীয় ‘হাব অ্যান্ড স্পোক’ পরিষেবার শুভ সূচনার পর এই বড় ঘোষণার কথা জানান কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাম মোহন নায়ডু। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সঙ্ঘভী উপস্থিত ছিলেন।
আহমেদাবাদে নতুন ‘হাব অ্যান্ড স্পোক’ পরিষেবা বারাণসী ও অমৃতসরের পর আহমেদাবাদ ভারতের তৃতীয় বিমানবন্দর হিসেবে ‘হাব অ্যান্ড স্পোক’ মডেলের অন্তর্ভুক্ত হলো। এই পরিষেবার মূল উদ্দেশ্য হলো দেশের ছোট শহরের যাত্রীদের একটি নির্দিষ্ট বড় বিমানবন্দরের মাধ্যমে আন্তর্জাতিক বা দূরপাল্লার ফ্লাইটের সঙ্গে সহজে যুক্ত করা।
- সহজ ভাষায় এই মডেলটি কী? ধরুন, কোনো যাত্রী অযোধ্যা থেকে লন্ডন যাবেন। এই মডেলে অযোধ্যা হলো একটি ‘স্পোক’ এবং আহমেদাবাদ হলো ‘হাব’। যাত্রী প্রথমে অযোধ্যা (স্পোক) থেকে বিমানে আহমেদাবাদে (হাব) পৌঁছাবেন এবং সেখান থেকে অনায়াসে লন্ডনের কানেক্টিং ফ্লাইট ধরবেন।
বিগত ১২ বছরের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০১৪ সালে ভারতে মোট ৭৪টি বিমানবন্দর ছিল, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১৬৬টিতে। গত ১২ বছরে গড়ে প্রতি ৪০ দিনে একটি করে নতুন বিমানবন্দর বা টার্মিনাল তৈরি করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘উড়ে দেশ কা আম নাগরিক’ (UDAN) প্রকল্পের দ্বিতীয় পর্বের অনুমোদন দিয়েছে। ২০২৬-২৭ থেকে ২০৩৫-৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরের জন্য ২৮,৮৪০ কোটি টাকার কেন্দ্রীয় বাজেট বরাদ্দসহ এই নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আগামী এক দশকে বিমান পরিষেবাকে বাসের মতোই সহজলভ্য করে তোলাই সরকারের মূল লক্ষ্য।