অভিন্ন দেওয়ানি বিধি: লিভ-ইনে না জানালে ২৫ হাজার জরিমানা!

উত্তরাখণ্ড, গুজরাট ও আসামের পর চতুর্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই আইন কার্যকর করার বিষয়ে ইতিবাচক ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন এই ব্যবস্থা কার্যকর হলে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে রাজ্যের সমস্ত নাগরিকের জন্য বিয়ে, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত একক আইনি কাঠামো তৈরি হবে। এর ফলে বর্তমানে প্রচলিত বিভিন্ন ধর্মীয় ব্যক্তিগত আইন বা পার্সোনাল ল’-এর কার্যকারিতা বিলুপ্ত হয়ে যাবে।

প্রস্তাবিত এই আইনে সব ধর্মের মানুষের জন্য বহুগামিতা নিষিদ্ধ করার পাশাপাশি বিয়ে ও বিবাহবিচ্ছেদ নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। আইনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো লিভ-ইন সম্পর্কের প্রশাসনিক নিয়ন্ত্রণ; এখন থেকে এই সম্পর্কে থাকতে চাইলে পুলিশ বা সরকারি আধিকারিকদের তা জানানো আবশ্যিক। অনূর্ধ্ব ২১ বছর বয়সীদের ক্ষেত্রে বাবা-মায়ের সম্মতির নিয়ম রাখা হয়েছে এবং নিয়ম অমান্য করলে ২৫ হাজার টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ডের বিধান থাকছে। এছাড়া, সব ধর্মের ক্ষেত্রে বিয়ের ন্যূনতম বয়স মেয়েদের জন্য ১৮ ও ছেলেদের জন্য ২১ বছর নির্ধারণ করা হয়েছে এবং লিভ-ইন সম্পর্কে জন্ম নেওয়া সন্তানের সম্পত্তির অধিকার নিশ্চিত করা হয়েছে।

নারী অধিকার রক্ষা ও সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই আইন প্রণয়নের কথা বলা হলেও, তা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের একাংশের মতে, লিভ-ইন সম্পর্ককে প্রশাসনিক নজরদারিতে আনা নাগরিকদের সংবিধানপ্রদত্ত ব্যক্তিগত গোপনীয়তা ও পছন্দের অধিকারের পরিপন্থী। এছাড়া আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিজস্ব সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষার বিষয়টি নিয়েও বিভিন্ন মহলে উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *