ছুটির দিনেও ডিউটি! নবান্নের নয়া নির্দেশে তুঙ্গে বিতর্ক
রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন। এবার থেকে শনি, রবি এবং অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতেও খোলা থাকবে রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের অফিস। এই দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চপদস্থ আধিকারিকদের জরুরি প্রশাসনিক সহায়তা এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখতে রোস্টার মেনে পালা করে ওই দফতরে ‘স্কেলিটন স্টাফ’ বা ন্যূনতম কর্মী উপস্থিত থাকবেন।
নবান্ন সূত্রে খবর, এই দফতরের অধীনে থাকা বিভিন্ন জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিও দফতরেও পর্যায়ক্রমে ছুটির দিনে হাজিরা দেওয়ার নির্দেশিকা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, রাজ্য সরকারি কর্মীদের ছুটির বিষয়ে অর্থ দফতর একটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই অনুযায়ী, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট মেনে ৬ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিনে পূর্ণদিবস এবং ১ জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধদিবস ছুটির অনুমোদন দিয়েছেন রাজ্যপাল।