সরকারি স্বাস্থ্যকেন্দ্রে টিকা নেওয়ার পরই প্রাণ হারাল কিশোরী!

মহারাষ্ট্রের নাসিকে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ১৭ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ নাসিক পুরসভার টিকাদান কর্মসূচি থেকে টিটেনাস ও ডিপথেরিয়া (টিডি) টিকার বুস্টার ডোজ নেওয়ার পর ওই কিশোরী মাথা ঘোরার কথা জানায় এবং স্বাস্থ্যকেন্দ্রের অদূরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মাথায় গুরুতর আঘাত পাওয়া ওই কিশোরীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে টিকার পার্শ্বপ্রতিক্রিয়াকে মৃত্যুর কারণ হিসেবে দায়ী করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা হয়েছে।

ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং টিকাকরণের নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগের উদ্রেক হয়। স্থানীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, একই ক্যাম্প থেকে আরও বেশ কয়েকজন টিকা নিলেও কারও শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়নি। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই নির্দিষ্ট ব্যাচের সব টিকা বাতিল করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রশাসন এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে এবং ময়নাতদন্তের রিপোর্ট ও ল্যাবরেটরি পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *