কোমরে দড়ি পরানো অমানবিক, কড়া বার্তা হাইকোর্টের!
অভিযুক্তের কোমরে দড়ি পরানো আইনত সমর্থনযোগ্য নয়: কলকাতা হাইকোর্ট
কলকাতা: কোনো অভিযুক্তের কোমরে দড়ি পরিয়ে জনসমক্ষে ঘোরানোর ঘটনা কোনোভাবেই আইনত সমর্থনযোগ্য নয় বলে স্পষ্ট জানাল কলকাতা হাইকোর্ট। শুক্রবার জাহাঙ্গির খান নামে এক ব্যক্তির স্ত্রীর করা একটি মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং এই কড়া পর্যবেক্ষণ দেন।
হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অভিযুক্ত জাহাঙ্গির খানের মানবাধিকার যাতে কোনোভাবেই লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত করতে হবে। বিচারপতি স্পষ্টভাবে জানান, আইন ও মানবাধিকারের পরিপন্থী কোনো পদক্ষেপ কোনো অভিযুক্তের ওপর নেওয়া যাবে না। রাজ্যের পুলিশের একাংশের বিরুদ্ধে অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে ঘোরানোর যে অভিযোগ ওঠে, এই পর্যবেক্ষণের মাধ্যমে আদালত সেই প্রথাকে কার্যত নস্যাৎ করে দিয়েছে। আগামী ১ জুলাই মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।