মাঝরাতে গ্রেফতার মালিক, তারাতলা গুদাম ধসে মৃত ১১!

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। বুধবার বেলা ১২টা ৭ মিনিট নাগাদ আচমকাই গুদামটির ছাদ ভেঙে পড়লে লোহার কাঠামো ও কংক্রিটের স্তূপের নিচে প্রায় ৪০ জন শ্রমিক চাপা পড়েন। এই ঘটনায় বুধবার মধ্যরাতেই গুদামের অন্যতম মালিক শম্ভুনাথ বেহরাকে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, ঘটনার তদন্তে পুলিশি গাফিলতি খতিয়ে দেখতে ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।

শম্ভুনাথ বেহরার পাশাপাশি জিজ্ঞাসাবাদের পর পুলিশ আরও চারজনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে রয়েছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত, সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার, লেবার সাপ্লায়ার দিবাকর ভান্ডারী এবং বিল্ডিং প্ল্যান পাশ করানোর দায়িত্বে থাকা ব্রোকার আবদুল হামিদ। এদিকে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF ও SDRF) যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ২৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ১১ জনের মৃত্যু হয়েছে এবং বাকি আহতরা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ৩০ বছরের জন্য লিজ নেওয়া ওই জমিতে বেহরা ব্রাদার্স নামে একটি সংস্থা চা-পাতা মজুত ও প্যাকেজিংয়ের জন্য গুদামটি তৈরি করছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *