জেনেভায় পাক সেনাপ্রধানকে হত্যার ছক মোসাদের, প্রকাশ্যে বিস্ফোরক দাবি!
সুইজারল্যান্ডের জেনেভায় আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার একটি ছক কষা হয়েছিল বলে দাবি করেছেন ব্রাজিলের ভূ-রাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবর। এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ এই হত্যার পরিকল্পনা করেছিল। তবে ইসলামাবাদ এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে এবং ইজরায়েল এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
পেপে এসকোবরের দাবি অনুযায়ী, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে জেনেভায় উপস্থিত পাকিস্তানি প্রতিনিধি দলকে লক্ষ্য করে এই পরিকল্পনা করা হয়। তবে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আগেভাগেই এই ছক সম্পর্কে গোপন তথ্য পেয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করায় বড় ধরনের কূটনৈতিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে পাকিস্তানের ক্রমবর্ধমান মধ্যস্থতাকারী ভূমিকাকে ইজরায়েল নেতিবাচকভাবে দেখছে, যা এই উত্তেজনার অন্যতম কারণ বলে বিশ্লেষকরা মনে করছেন।