কড়া নিরাপত্তাতেও নিট পরীক্ষায় জালিয়াতি, চিকিৎসক সহ গ্রেফতার ৯!
দেশজুড়ে প্রশ্নপত্র ফাঁসের বিতর্কের পর কড়া নিরাপত্তায় আয়োজিত নিট (NEET UG 2026) পুনঃপরীক্ষার দিনেই বিহারে বড় ধরনের জালিয়াতি চক্রের পর্দাফাঁস হয়েছে। পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়ার অভিযোগে নামী মেডিকেল কলেজের এমবিবিএস ছাত্র ও চিকিৎসকসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষীসরাইয়ের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে ৭ জন, কেআরকে হাই স্কুল থেকে ১ জন এবং হাসানপুর হাই স্কুল থেকে ১ জন ভুয়া পরীক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন কঠোর বায়োমেট্রিক যাচাইকরণের সময় হাতেনাতে আটক করা হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় বায়োমেট্রিক হাজিরা রেকর্ডিংয়ের দায়িত্বে থাকা একটি বেসরকারি সংস্থার ৭ জন কর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আন্তঃরাজ্য এই জালিয়াতি চক্রের মূল হোতাদের গ্রেপ্তারে জেলা শাসক শৈলেন্দ্র কুমার ও পুলিশ সুপার প্রেরণা কুমারের তত্ত্বাবধানে প্রশাসনের একটি বিশেষ দল বিভিন্ন এলাকায় অভিযান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। মেডিকেল প্রবেশিকায় বারবার দুর্নীতির এই ঘটনায় সর্বভারতীয় এই পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।